শেষ অধীর জামানা, নতুন প্রদেশ কং সভাপতি হলেন শুভঙ্কর

Subhankar Sarkar: ২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে শুভঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ এই পদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দিল দিল্লি। শনিবার রাতে কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে বাংলায় কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন শুভঙ্কর সরকার। জানা যাচ্ছে, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ শুভঙ্কর। রাজনৈতিক মহলের অনুমান, বঙ্গে ক্ষয়িষ্ণু কংগ্রেসের ভার সামলাতে ও তৃণমূলের সঙ্গে রাজ্যে ও কেন্দ্রের সমীকরণ ঠিক রাখতেই শুভঙ্করের উপর আস্থা রাখছে দিল্লির হাই কমান্ড।

মল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ার পরে কংগ্রেসের প্রদেশ কমিটিগুলিতে সভাপতি পদে যে বদল আসবে তা সকলেরই জানা ছিল। এতদিন পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভার পুরোপুরি সামলেছেন অধীররঞ্জন চৌধুরী। বরাবরই তৃণমূলের বিরোধী হিসেবে পরিচিত তিনি। তাঁর নেতৃত্বে বাংলার পাশাপাশি কেন্দ্রেও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের টানাপোড়েন প্রকাশ্যে এসেছিল।

কিন্তু বহরমপুর লোকসভায় পরাজিত হয়েছেন তিনি। এমনকি লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরই তিনি জানিয়ে দিয়েছিলেন, ‘অস্থায়ী সভাপতি’র দায়িত্ব পালন করছেন তিনি। এই পরিস্থিতিতে অধীরকেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে পুনর্বহাল রাখা হবে, নাকি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা চলছিল। এবার অধীরকে সরিয়েই দায়িত্ব শুভঙ্করের হাতে তুলে দেওয়া হল।

২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে শুভঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ এই পদ। তিনি কতটা এই পদের দায়িত্ব পালন করতে পারবেন কতটা সংগঠনকে মজবুত করতে পারবেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভঙ্কর দীর্ঘদিন ধরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র অবস্থা থেকে তিনি রাজনীতি করছেন। এবার তিনিই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ পেলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত