নজরবন্দি ব্যুরো: করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেন ও বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন। রবিবার রাতেই ভয়ংকর ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যালিংয়ের ভুলে একই লাইনে চলে আসে দুটি ট্রেন। যার জেরে লাইনচ্যুত হয় একাধিক কামরা।
জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনায় এখনও অবধি ১৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। তাছাড়াও দুর্ঘটনার জেরে আপাতত ওই লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। জানা যাচ্ছে, এই মুহূর্তে ট্রেন দুর্ঘটনার জেরে হাওড়া-চেন্নাইগামী রুটে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। যার দরুন একাধিক ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এমনকি বহু ট্রেনের রুটও বদলে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এই প্রসঙ্গে দক্ষিণ পশ্চিম রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অন্ধ্র প্রদেশের কান্তাকাপাল্লি ও আলমাত্তি স্টেশনের মাঝে দুটি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষের জেরে স্বাভাবিক ভাবেই রেল চলাচল ব্যাহত হয়েছে। তবে যাত্রীদের সুরক্ষা ও সুবিধার্থে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়াও বেশ কিছু ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

রেল দুর্ঘটনার জেরে পাল্টে গেল একাধিক ট্রেনের রুট-সময়, জেনে নিন কোন সময়, কোন রুট দিয়ে চলবে ট্রেনগুলো
জেনে নিন কোন ট্রেন গুলির সময় পরিবর্তন করা হয়েছে…
১২৮৬৩ হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস
১২৮৬৭ হাওড়া পুদুচেরি এক্সপ্রেস
১২৮৩৯ হাওড়া -মাদ্রাজ এক্সপ্রেস
২২৬৪২ শালিমার -তিবান্দ্রম এক্সপ্রেস
এছাড়াও যে ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল-
চেন্নাই সেন্ট্রাল থেকে সাতরাগাছিগামী ট্রেন
হায়দরাবাদ থেকে শালিমারগামী ট্রেন
তিবান্দ্রম থেকে শালিমারগামী ট্রেন
আগরতলা থেকে তিরুপতিগামী ট্রেন
শালিমার থেকে চেন্নাই সেন্ট্রালগামী ট্রেন
হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ট্রেন।




