নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকালই তাঁকে আদালতে পেশ করা হলে সিবিআই দাবি করে পার্থর বাড়িতেই চাকরি বিক্রির অফিস ছিল। এরফলে যে প্রাক্তন মন্ত্রী আরও বিপাকে পড়েছেন একথা বলার অপেক্ষা রাখে না। তবে এখানেই শেষ নয়, শাখা অফিসের হদিশ পেয়েছে তদন্তকারীরা। চাকরি বিক্রির এই শাখা অফিস ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে।
আরও পড়ুন: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে অনুব্রত, বাবার খবর পেয়ে কেঁদে ফেললেন সুকন্যা


সিবিআই (CBI) সূত্রে খবর, কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওএমআর শিট জালিয়াতি হবে, সেই বিষয়ে একাধিক বৈঠক হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে। তাঁর উপস্থিতিতেই বৈঠকে থাকতেন নাইসার (NYSA) ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস ও এসএসসির প্রোগ্রামিং অফিসার পর্ণা বসু। তদন্তকারী সংস্থার দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি যদি চাকরি বিক্রির হেড অফিস হয় তাহলে সুবীরেশ ভট্টাচার্যের বাড়ি ছিল শাখা অফিস। তাঁর টিম নিয়োগকাণ্ডে পরিকল্পনা করেই কাজ করেছে বলে দাবি গোয়েন্দাদের।

সুবীরেশের অফিস চেম্বারেও ওএমআর কারচুপি নিয়ে বৈঠক হয়েছিল বলে দাবি সিবিআইয়ের (CBI)। ২০১৭ সালে এই সুবীরেশের নির্দেশেই এসএসসির গ্রুপ সি পরীক্ষার ওএমআর শিট আচার্য সদনে না রেখে পাশের নতুন ভবনে রাখা হয় বলেও তদন্তে উঠে এসেছে বলে খবর। এমনকি কোনও নিরাপত্তার ব্যবস্থা না করে শুধু নাইসার প্রযুক্তি বিভাগের কর্মীদের দায়িত্বে রাখা হয়। এই সুযোগেই নাইসার কর্মীরা সেখান থেকে ওএমআর স্ক্যান করেন।



উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সিবিআই আদালতে দাবি করে, নাকতলার বাড়িতে চাকরি বিক্রির অফিস চলত। সেখানেই প্রসন্ন রায়, প্রদীপ সিংহরা প্রায়শ আসতেন। অফিসেই গ্রুপ সি পদে অবৈধ নিয়োগের তালিকা তৈরি করা হত। গতকাল শারীরিক সমস্যার কারণ জানিয়ে ফের একবার জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
পার্থর বাড়ি হেড অফিস, শাখা অফিস কার বাড়ি? চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক CBI








