‘ভারত মাতাকে বিক্রি করেছে সরকার’—ইন্দো-মার্কিন চুক্তি নিয়ে সংসদে তীব্র আক্রমণ রাহুলের

ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে তোপ রাহুল গান্ধীর—কৃষকস্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার কাছে আত্মসমর্পণের অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, আমেরিকার শর্ত মেনে ভারতকে ‘বিক্রি’ করে দিয়েছে মোদি সরকার। কৃষক, জ্বালানি নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থকে বিসর্জন দিয়েই এই চুক্তি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় থাকত, তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে আলোচনা করত। তাঁর কথায়, “আপনারা ভারতকে বিক্রি করে দিয়েছেন। আপনাদের লজ্জা হয় না? আপনারা আমাদের মা, ভারত মাতাকে বিক্রি করেছেন।”

বিরোধীদের অভিযোগ, মার্কিন শর্ত মেনে বাণিজ্য চুক্তি করতে চলেছে দিল্লি। এমনকি রুশ তেল না কেনা এবং পাঁচ বছরে বিপুল অঙ্কের মার্কিন পণ্য কেনার শর্তও মানতে হচ্ছে বলে দাবি করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ ধরনের চুক্তির কথা প্রকাশ্যে উল্লেখ করেছেন বলে দাবি বিরোধীদের।

রাহুলের অভিযোগ, এই চুক্তির ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে চলে যাবে এবং কৃষকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, “আপনারা আমেরিকার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। কৃষকস্বার্থের সঙ্গে আপস করেছেন।”

কংগ্রেস নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, মার্কিন কৃষিপণ্য ভারতীয় বাজারে ঢুকলে দেশীয় কৃষকরা ভয়াবহ প্রতিযোগিতার মুখে পড়বেন। একইসঙ্গে টেক্সটাইল শিল্পও বড় ধাক্কা খেতে পারে বলে তাঁর দাবি।

সংসদে রাহুল গান্ধী আরও বলেন, “আমরা এক অস্থির সময়ের দিকে এগোচ্ছি। দেশ বিক্রি হয়ে গিয়েছে, দেশের তথ্য বিক্রি হয়ে গিয়েছে, কৃষকরাও বিক্রি হয়ে গিয়েছে।”

এই মন্তব্য ঘিরে সংসদে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। শাসক-বিরোধী দুই শিবিরেই শুরু হয়েছে তর্ক-বিতর্ক, আর ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে চলেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত