নজরবন্দি ব্যুরো: সময়ে মিলছে না পোস্টাল ব্যালট-ইডিসি সার্টিফিকেট, এই অভিযোগে এবার সরব হলো বিজেপি টিচার্স সেল। বাংলায় চলছে ২১এর নির্বাচন। করোনা কলে নির্বাচনের কারণে রাজ্যে বাড়ানো হয় বুথের সংখ্যা। মোট ৮ দফা নির্বাচনে রাজ্য জুড়ে ভোট কর্মী হিসেবে নিযুক্ত করা হয়েছে বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে। আর সেই কারণেই তাঁদের পক্ষে নির্বাচনের দিন ভোট দিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। সেক্ষেত্রে ভোট কর্মীদের একমাত্র ভরসা পোস্টাল ব্যালট।
আরও পড়ুনঃ ‘উই কান্ট ব্রিদ’ অক্সিজেন নেই ধৈর্য্য ধরার মতো, মোদীকে টুইট করে কটাক্ষ প্রশান্ত কিশোরের


কিন্তু অভিযোগ উঠছে সেই পোস্টাল ব্যালট বা ইডিসি সার্টিফিকেট যথা সময়ে পাচ্ছেন না তাঁরা। আর সেই অসুবিধে দূর করে যথা সময়ে যাতে বাকি দুই দফার আগে পোস্টাল ব্যালট পেয়ে যান তাঁরা সেই মর্মে নির্বাচন কমিশনের কলকাতা দপ্তরে আবেদন জমা দিয়েছে বিজেপি টিচার্স সেলের প্রাথমিক শাখা। আবেদন জমা দিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপি প্রাথমিক শাখার প্রাক্তন কো ইনচার্জ শান্তনু মন্ডল। তিনি জানিয়েছেন, এ বছর আট দফায় নির্বাচন হওয়ায় অনেক ভোট কর্মী অনেকদিন পর নিজের বুথে ভোট দিতে পারছেন।

কিন্তু তাঁর অভিযোগ এখনো অনেক জায়গায় পৌঁছয়নি পোস্টাল ব্যালট। ৯০ বছরের এক বৃদ্ধের কাছেও পৌঁছয়নি ব্যালট বলে দাবী করেছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, বহু ভোট কর্মী আছেন বিশেষত মহিলারা নিজের বিধানসভায় পোলিং ডিউটি করছেন, তাঁদের পোস্টাল ব্যালট দেওয়ার অনুরোধ করেছেন তিনি।


সময়ে মিলছে না পোস্টাল ব্যালট-ইডিসি সার্টিফিকেট, আর এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে, আরো বড়ো পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওই সংগঠন।শাখার প্রাক্তন কো ইনচার্জ জানিয়েছেন এই বিষয়ে পশ্চিমবঙ্গের CEO যদি দ্রুত পদক্ষেপ না নেন, তাহলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি। অপরদিকে প্রতি জেলার DEO অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাবেন প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শান্তনু মন্ডল।







