নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। বলা হয়, দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তাঁরা। সেখানে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। সেই সূত্র ধরেই গতকাল রাতে অভিযান চালায় পুলিশ। এরপর গ্যারেজ থেকে উদ্ধার হয় ২ কোটি টাকা। কিন্তু অভিযুক্ত ব্যবসায়ী শৈলেশ পাণ্ডা এখনও অধরা। তাই এবার শৈলেশের ফের শিবপুরের ফ্ল্যাটে হানা দিল পুলিশ।


রবিবার বিকেলে পুলিশ আধিকারিকেরা ফ্ল্যাটে দেখেন, দরজা তালাবন্ধ। তদন্তকারীদের সূত্রে খবর, তল্লাশি অভিযান চালানোর জন্য ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ। তবে কী সেখান থেকে ফের টাকা উদ্ধার হতে পারে? কোনও তথ্য হাতে আসতে পারে যা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ?
রবিবার সকালে হেয়ার স্ট্রিট ও শিবপুর থানার যৌথ অভিযানে নগদের পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই টাকা। পুলিশের দাবি, ব্যাগে করে বিপুল টাকা নিয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়ীর।
ইতিমধ্যেই ব্যবসায়ীর যে গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে, তা সিজ করে নেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীর দুটি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে পুলিশ। সেই দুটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মুল অভিযুক্ত এখনও অধরা বলেই জানা গেছে। আবাসনের রুম ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে।


ফের শিবপুরের ফ্ল্যাটে হানা দিল পুলিশ, মিলতে পারে একাধিক তথ্য

পুলিশের প্রশ্ন, এই বিপুল পরিমাণ সোনার গয়না ও টাকা নিয়ে কোথায় নিয়ে যেতে চেয়েছিল ওই ব্যবসায়ী? এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত? এর পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তিত্বের যোগ রয়েছে? সবটাই খোঁজ করছে পুলিশ।







