শপথের ঘণ্টাখানেকের মধ্যেই বড় সিদ্ধান্ত, শুভেন্দুর উপদেষ্টা সুব্রত গুপ্ত, PS শান্তনু বালা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরই প্রশাসনিক টিম গঠন শুরু শুভেন্দু অধিকারীর। উপদেষ্টা হলেন প্রাক্তন আইএএস সুব্রত গুপ্ত, PS শান্তনু বালা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনিক টিম গঠনে বড় পদক্ষেপ করলেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ দুই পদে নিয়োগ করা হয়েছে অভিজ্ঞ আমলা এবং তরুণ আইএএস অফিসারকে। অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য দিকে ২০১৭ ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি (PS) করা হয়েছে।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, সরকার গঠনের শুরুতেই এই নিয়োগের মাধ্যমে প্রশাসনিক অভিজ্ঞতা এবং তরুণ আমলাতান্ত্রিক দক্ষতার মিশ্রণ ঘটানোর বার্তা দিল নতুন বিজেপি সরকার।

অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত সাম্প্রতিক সময়েই বিশেষভাবে আলোচনায় উঠে এসেছিলেন। গত বছরের অক্টোবরে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া শুরু হলে নির্বাচন কমিশন তাঁকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে। পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচনের সময়ও তিনি কমিশনের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। সূত্রের খবর, নির্বাচনী প্রক্রিয়ায় তাঁর ভূমিকা নিয়ে সন্তুষ্ট ছিল নির্বাচন কমিশন। সেই অভিজ্ঞতাকেই এবার প্রশাসনিক কাজে ব্যবহার করতে চাইছে নতুন সরকার।

অন্য দিকে মুখ্যমন্ত্রীর নতুন পার্সোনাল সেক্রেটারি শান্তনু বালা এর আগে দক্ষিণ ২৪ পরগনার অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। এর আগে কোচবিহার এবং মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক (ADM) হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। তরুণ এই আইএএস অফিসারকে মুখ্যমন্ত্রীর দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

নির্বাচনের সময় রাজ্যের প্রশাসনিক শীর্ষ স্তরেও বড় রদবদল হয়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়। বর্তমানে রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ দায়িত্বে রয়েছেন। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই পদগুলিতে আরও পরিবর্তন হতে পারে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, আগামী শুক্রবার নবান্নে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিনই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক অগ্রাধিকার, দফতর বণ্টন এবং নতুন সরকারের কর্মপরিকল্পনা নিয়েই সেই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত