রবীন্দ্রনাথ: বাঙালির ধ্রুবতারা, সময় পেরিয়েও যিনি চিরকালীন

কবি, দার্শনিক, সুরস্রষ্টা ও মানবতাবাদী— রবীন্দ্রনাথ ঠাকুর আজও বাঙালির জীবন, সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাঙালির মনন, মেধা আর আবেগের শ্রেষ্ঠ আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন; তিনি আমাদের অস্তিত্বের ধ্রুবতারা। মহাসাগর যেমন দিগন্তকে ছুঁয়ে থাকে, রবীন্দ্রনাথও তেমনি বাংলা সাহিত্য আর বাঙালির আবেগ-অনুভূতির প্রতিটি স্তরকে স্পর্শ করে আছেন। বিপদে সাহসের উৎস, আনন্দে প্রাণের স্পন্দন আর বিরহে চোখের জল হয়ে তিনি মিশে আছেন আমাদের প্রাত্যহিকতায়।

তাঁর সাহিত্যের বিশাল আকাশজুড়ে ছড়িয়ে আছে ছোটগল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ আর সেই অমর সংগীত—’রবীন্দ্রসংগীত’। বাঙালির জীবনে রবীন্দ্রনাথের প্রভাব অপরিসীম। শৈশবে ‘সহজ পাঠ’-এর হাত ধরে যে অক্ষরপরিচয় শুরু হয়, তা পূর্ণতা পায় জীবনের শেষ বিকেলের একাকীত্বে তাঁর গানের সুরে। কেবল সাহিত্য নয়, বাঙালির জীবনদর্শনের প্রতিটি বাঁকে তাঁর উপস্থিতি বিদ্যমান। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য তাঁর নোবেল জয় বাংলা ভাষাকে বিশ্বদরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিল, যা ছিল পরাধীন জাতির জন্য এক বিশাল গৌরবের মুহূর্ত।

রবীন্দ্রনাথ: বাঙালির ধ্রুবতারা

রবীন্দ্রনাথ কেবল নিভৃতচারী কবি ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজতন্ত্রী ও দূরদর্শী চিন্তক। গ্রামীণ উন্নয়ন, কৃষি সংস্কার এবং সমবায় ভাবনায় তাঁর অবদান অনস্বীকার্য। শিলাইদহ ও পতিসরে থাকাকালীন তিনি সাধারণ মানুষের খুব কাছে গিয়েছেন, যা তাঁর ছোটগল্পগুলোতে নিপুণভাবে উঠে এসেছে। তাঁর জমিদারির গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন প্রান্তিক মানুষের ব্যথার ব্যথী।

রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন প্রকৃতির সাথে নিবিড়ভাবে মিশে থাকতে এবং বিশ্বমানবতার জয়গান গাইতে। শান্তিনিকেতনে তাঁর প্রতিষ্ঠিত ব্রহ্মচর্যাশ্রম ও বিশ্বভারতী আজও সেই আদর্শের সাক্ষ্য বহন করে। তাঁর মতে শিক্ষা কেবল তথ্য আহরণ নয়, বরং প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আত্মার বিকাশ ঘটানো। জাতিগত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি বারবার আহ্বান জানিয়েছেন বিশ্বভ্রাতৃত্বের।

দেশভাগ আর সাম্প্রদায়িকতার সংকটে তাঁর গান আমাদের পথ দেখায়, সাহস জোগায়। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তাঁর ‘রাখীবন্ধন’ উৎসব ও দেশাত্মবোধক গান বাঙালির ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। আজও দুই বাংলার জাতীয় সংগীতে তাঁর সুর ধ্বনিত হয়, যা বিশ্বের ইতিহাসে এক অনন্য উদাহরণ। ঘোরতর বিপদে যখন মানুষ দিশেহারা হয়, তখন রবীন্দ্রনাথের ‘একলা চলো রে’ গানটি অমোঘ মন্ত্রের মতো কাজ করে।
আজকের দ্রুত পরিবর্তনশীল সময়েও রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক হননি। যান্ত্রিক সভ্যতার দাপটে যখন আমাদের মানবিক মূল্যবোধ হারিয়ে যেতে বসে, তখন তাঁর কবিতা ও গান আমাদের হৃদয়ে শীতল পরশ বুলিয়ে দেয়। প্রযুক্তির এই যুগেও বাঙালির ভাষায় আর ভালোবাসায় তিনি মিশে আছেন এক অবিচ্ছেদ্য সত্তা হয়ে।

তাঁর ভাষায় বলতে গেলে-
“তুমি রবে নীরবে হৃদয়ে মম…”
রবীন্দ্রনাথ ছিলেন, আছেন এবং আগামীতেও বাঙালির প্রাণের ঠাকুর হয়েই বিরাজ করবেন। কাল হতে কালান্তরে তিনি থাকবেন বাঙালির ধ্রুবতারা হয়ে, সংকটের ধ্রুপদী আশ্রয় হিসেবে।

লেখাঃ আরাত্রিকা বন্দ্যোপাধ্যায় (শিক্ষিকা )

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন