পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের বিধানসভা পর্ব শুরু হতে চলেছে আগামী সপ্তাহেই। তার আগে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নাম ঘোষণা করা হল তাপস রায়ের। নতুন বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। আগামী মঙ্গলবার রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন বলে সূত্রের খবর। প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁকে সাহায্য করবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলায় বিজেপি সরকারের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।


এই আবহেই সামনে এল বিধানসভার প্রোটেম স্পিকারের নাম। বিধানসভা গঠনের প্রাথমিক পর্যায়ে প্রোটেম স্পিকারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম অনুযায়ী, প্রথমে তিনি নিজে শপথ নেন এবং পরে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করান।
সূত্রের খবর, আগামী ১৩ এবং ১৪ মে অষ্টাদশ বিধানসভায় নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেই পুরো প্রক্রিয়া পরিচালনা করবেন তাপস রায়। তাঁকে সহযোগিতা করবেন বিজেপির দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়।
তবে এখনও পর্যন্ত স্থায়ী অধ্যক্ষ বা স্পিকার কে হবেন, তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই একাধিক নাম ঘিরে জল্পনা শুরু হয়েছে। বিজেপির অন্দরে সাংগঠনিক অভিজ্ঞতা, বিধানসভা পরিচালনার দক্ষতা এবং রাজনৈতিক ভারসাম্যের বিষয় মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাপস রায়কে প্রোটেম স্পিকার করা বিজেপির একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিধানসভা পরিচালনা সম্পর্কে তাঁর জ্ঞানকে গুরুত্ব দিয়েই এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।







