‘প্রমাণ না হলে নাক খত দিন’, বিধানসভার বই চুরির অভিযোগে গ্রন্থাগারমন্ত্রীকে চ্যালেঞ্জ মমতার

বিধানসভা থেকে বই চুরির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে গ্রন্থাগারমন্ত্রী গৌরশঙ্কর ঘোষকে পালটা চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রমাণ না হলে ‘নাক খত’-এর বার্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা থেকে বই চুরির অভিযোগ ঘিরে রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী গৌরশঙ্কর ঘোষের (Gourshankar Ghosh) বক্তব্যের তীব্র জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে অভিযোগ অস্বীকার করে মমতার পাল্টা চ্যালেঞ্জ, তাঁর বিরুদ্ধে বই চুরির অভিযোগ প্রমাণ করতে না পারলে গ্রন্থাগারমন্ত্রীকে ‘নাক খত’ দিতে হবে। একই সঙ্গে নিজের বইয়ের সংগ্রহের কথাও তুলে ধরে মমতা দাবি করেন, তাঁর এমন কোনও পরিস্থিতি আসেনি যে তাঁকে লাইব্রেরি থেকে বই চুরি করতে হবে।

সভামঞ্চে মমতা বলেন, তাঁর বিরুদ্ধে বই চুরির অভিযোগ তোলা হয়েছে। সাহস থাকলে সেই অভিযোগের প্রমাণ দেওয়ার জন্য গ্রন্থাগারমন্ত্রীকে চ্যালেঞ্জ জানান তিনি। তাঁর দাবি, প্রয়োজন হলে তিনি নিজেই একাধিক লাইব্রেরি তৈরি করে দিতে পারেন।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গও এদিন টেনে আনেন মমতা। তিনি জানান, সাত বার সাংসদ এবং চার বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী পদ নিয়ে তাঁর বিশেষ আগ্রহ নেই বলেও মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজেকে ‘LIP’ অর্থাৎ ‘Less Important Person’ হিসেবে দেখতে পছন্দ করেন বলেও জানান তিনি।

মমতার বক্তব্যের মধ্যে উঠে আসে তাঁর জীবনযাপনের ধরন নিয়েও অভিযোগ-পালটা অভিযোগ। মুখ্যমন্ত্রী থাকাকালীন রাস্তা বন্ধ করে চলাচল বা বড় কনভয়ের ব্যবহার পছন্দ করতেন না বলে দাবি করেন তিনি। বর্তমান ব্যবস্থায় ‘বাবুদের’ চল্লিশটি গাড়ির কনভয় নিয়ে কটাক্ষও করেন মমতা।

কয়েক দিন আগে বীরভূমে গিয়ে মমতার বিরুদ্ধে সরাসরি বই ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছিলেন গ্রন্থাগারমন্ত্রী গৌরশঙ্কর ঘোষ। তাঁর দাবি ছিল, বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বই নিয়ে গিয়েছেন, কিন্তু সেগুলি ফেরত দেওয়া হয়নি। আইন সবার জন্য সমান উল্লেখ করে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

এর পাশাপাশি রাজ্য সরকারের অধীন সমস্ত লাইব্রেরি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই সরিয়ে ফেলার দাবিও করেছিলেন গ্রন্থাগারমন্ত্রী। সেই মন্তব্য ঘিরেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। এবার ক্যাথিড্রাল রোডের সভা থেকে তারই পালটা দিলেন মমতা।

বই চুরির অভিযোগের পাশাপাশি এদিন ক্যামাক স্ট্রিটের ঘটনাকেও আক্রমণের হাতিয়ার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিটে কেন যাওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি কটাক্ষ করে জানতে চান, সেখানে কি চুরি করতে যাওয়া হয়েছিল?

মমতার বক্তব্য, আগেও সব নিয়ে যাওয়া হয়েছে, তার পরেও ফের ‘লুঠ’ করতে যাওয়া হয়েছিল কি না, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। যদিও ক্যামাক স্ট্রিটের ঘটনায় তাঁর এই অভিযোগের পালটা বক্তব্য এখনও রাজনৈতিক ভাবে সামনে আসার অপেক্ষায় রয়েছে।

একদিকে বিধানসভার বই নিয়ে অভিযোগ, অন্যদিকে ক্যামাক স্ট্রিটে নথি বা সম্পত্তি নিয়ে পালটা অভিযোগ—দুই ঘটনাকে ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। মমতার ‘প্রমাণ না হলে নাক খত’ মন্তব্যে বই চুরির বিতর্ক আরও প্রকাশ্য রাজনৈতিক সংঘাতের চেহারা নিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন