পেট্রল-ডিজেলের দাম বাড়ার ইঙ্গিত! উদ্বেগ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের মন্তব্য

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে দেশে পেট্রল-ডিজেলের দাম বাড়ার সম্ভাবনার ইঙ্গিত দিল রিজার্ভ ব্যাঙ্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশে পেট্রল-ডিজেলের দাম বাড়তে পারে— এমনই ইঙ্গিত দিলেন সঞ্জয় মালহোত্রা। জ্বালানি আমদানির উপর ভারতের নির্ভরতার কথা তুলে ধরে রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের মন্তব্য ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই বাণিজ্যিক গ্যাস ও অটো এলপিজির দাম বেড়েছে। ফলে এবার কি কোপ পড়তে চলেছে পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসে? সেই আশঙ্কাই জোরাল হচ্ছে।

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে। তার প্রভাব বিশ্বজুড়েই পড়তে শুরু করেছে। এতদিন কেন্দ্র সরকার সরাসরি মূল্যবৃদ্ধির সম্ভাবনা অস্বীকার করলেও, এবার রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষকর্তার মন্তব্য পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট করে দিল।

সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, “ভারত জ্বালানি এবং সারের মতো গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে বড় অংশে আমদানির উপর নির্ভরশীল। বর্তমান পরিস্থিতিতে আমদানির পথ যেভাবে প্রভাবিত হচ্ছে, তাতে মূল্যবৃদ্ধির চাপ সাধারণ মানুষের উপর পড়া সময়ের অপেক্ষা।” তাঁর এই মন্তব্য কার্যত জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনাকেই সামনে এনে দিয়েছে বলে মনে করছে অর্থনৈতিক মহল।

সূত্রের খবর, পাঁচ রাজ্যের ভোটপর্ব শেষ হওয়ার পর কেন্দ্রীয় স্তরে জ্বালানির মূল্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি Narendra Modi–ও জ্বালানি সাশ্রয় নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি দেশবাসীকে অপ্রয়োজনীয় বিদেশ সফর কমানো, বাড়ি থেকে কাজের সংস্কৃতি বাড়ানো এবং ভোগ্যপণ্যে সংযম আনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভোজ্য তেলের ব্যবহার এবং সোনা কেনাও কমানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

যদিও কেন্দ্রের দাবি, দেশে এখনও পেট্রল-ডিজেলের সরবরাহে কোনও সংকট তৈরি হয়নি। তবে ভোট শেষ হতেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত উদ্বেগ বাড়িয়েছে। শুক্রবার এক ধাক্কায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেড়েছে অটো এলপিজির দামও।

এই পরিস্থিতিতে মধ্যবিত্তের আশঙ্কা, এবার যদি পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের দামও বাড়ে, তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আরও বেড়ে যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত