১১০ টাকার গণ্ডি ছাড়াল পেট্রল, ভারতের কোন শহরে জ্বালানির দাম কত?

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জেরে দেশে পেট্রল-ডিজ়েলের দামে বড় উল্লম্ফন, একাধিক শহরে পেট্রল ১১০ টাকার গণ্ডি ছাড়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে দেশে জ্বালানির দামে বড়সড় ধাক্কা। শুক্রবার (১৫ মে) এক লাফে বেড়েছে পেট্রল ও ডিজ়েলের দাম, যার ফলে একাধিক শহরে পেট্রল ১১০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে—চাপে পড়েছেন সাধারণ মানুষ।

নতুন দামে দেশের বিভিন্ন শহরে প্রতি লিটারে সর্বাধিক ৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। এর ফলে দক্ষিণ ও পূর্ব ভারতের বেশ কিছু শহরে পেট্রলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যার মূল কারণ রাজ্যভিত্তিক ভ্যাট ও অন্যান্য কর।

সবচেয়ে বেশি দাম দেখা গিয়েছে হায়দরাবাদে, যেখানে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ₹১১০.৮৯ প্রতি লিটার। দ্বিতীয় স্থানে রয়েছে তিরুবনন্তপুরম—সেখানে পেট্রল বিক্রি হচ্ছে ₹১১০.৭৫ দরে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এখানে পেট্রলের দাম বেড়ে হয়েছে ₹১০৮.৭৪ প্রতি লিটার। পাটনায় ₹১০৮.৫৫, জয়পুরে ₹১০৮.১৯ এবং মুম্বইয়ে ₹১০৬.৬৪ দরে পেট্রল বিক্রি হচ্ছে।

ডিজ়েলের ক্ষেত্রেও একই ছবি। তিরুবনন্তপুরমে ডিজ়েলের দাম সবচেয়ে বেশি—₹৯৯.৬৩ প্রতি লিটার। হায়দরাবাদে ডিজ়েল ₹৯৮.৯৬ দরে বিক্রি হচ্ছে। ভুবনেশ্বরে ₹৯৬.১১, চেন্নাইয়ে ₹৯৫.৪৭ এবং কলকাতায় ₹৯৫.১৩ দরে ডিজ়েল পাওয়া যাচ্ছে।

অন্যদিকে দিল্লিতে তুলনামূলকভাবে জ্বালানির দাম কিছুটা কম রয়েছে। সেখানে পেট্রলের দাম ₹৯৭.৭৭ এবং ডিজ়েলের দাম ₹৯০.৬৭ প্রতি লিটার।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং ভূরাজনৈতিক অস্থিরতা আগামী দিনেও জ্বালানির দামে প্রভাব ফেলতে পারে। ফলে সাধারণ মানুষের উপর চাপ আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত