আয়কর ব্যবস্থায় আমূল পরিবর্তন আনল কেন্দ্র—নতুন আইন কার্যকর হতেই বদলে গেল পরিচিত ফর্ম ১৬ থেকে প্যান কার্ডের আবেদনপত্র পর্যন্ত সবকিছু। ২০২৫ সালের নতুন আয়কর আইন ও ২০২৬ সালের বিধি চালু হওয়ার পর থেকেই করদাতাদের জন্য নতুন ফর্ম ব্যবস্থাই বাধ্যতামূলক হতে চলেছে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতনভোগী কর্মীদের জন্য। এতদিন যে ফর্ম ১৬ টিডিএস সার্টিফিকেট হিসেবে ব্যবহার করা হত, সেটি এখন থেকে ফর্ম ১৩০ নামে পরিচিত হবে। শুধু নামেই নয়, এই নতুন ফর্মে কাঠামোগত বদলও করা হয়েছে। একটিমাত্র ডকুমেন্টেই এখন বেতন, টিডিএস কাটা এবং কর ছাড়ের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে। পেনশনভোগী ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও একই ফর্ম প্রযোজ্য হবে।
প্যান কার্ডের আবেদন প্রক্রিয়াতেও এসেছে বড়সড় পরিবর্তন। আগে ব্যক্তিগত আবেদনকারীরা ফর্ম ৪৯এ ব্যবহার করতেন, কিন্তু এখন তার বদলে চালু হয়েছে একাধিক নতুন ফর্ম। ব্যক্তিগত আবেদনের জন্য ফর্ম ৯৩, সংস্থা বা ট্রাস্টের জন্য ফর্ম ৯৪ এবং বিদেশি নাগরিকদের জন্য ফর্ম ৯৫ ও ৯৬ নির্ধারিত হয়েছে। এর ফলে আবেদন প্রক্রিয়া আরও নির্ভুল ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও বার্ষিক কর বিবরণীর ক্ষেত্রেও বদল এসেছে। আগে যে ফর্ম ২৬এএস বা এআইএস ডাউনলোড করা হত, সেটি এখন থেকে ফর্ম ১৬৮ নামে পরিচিত হবে। এতে করদাতার প্যানের সঙ্গে যুক্ত সমস্ত আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য থাকবে, যা কর সংক্রান্ত গরমিল ধরতে সাহায্য করবে।
টিডিএস সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল—ফর্ম ১৫জি ও ১৫এইচ এখন একত্রিত হয়ে ফর্ম ১২১ হয়েছে। এর মাধ্যমে করদাতারা সহজেই ‘নিল টিডিএস ডিক্লারেশন’ জমা দিতে পারবেন। অন্যদিকে, বেতন বহির্ভূত আয়ের টিডিএস সার্টিফিকেট এখন ফর্ম ১৩১ হিসেবে ইস্যু হবে এবং কম হারে টিডিএস কাটার আবেদন করতে ব্যবহার করতে হবে ফর্ম ১২৮।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব বিশেষভাবে পড়তে চলেছে। ট্রেজারি বা ডিডিও অফিস থেকে এখন ফর্ম ১৬-এর পরিবর্তে ফর্ম ১৩০ দেওয়া হবে। নতুন চাকরিতে যোগদানকারীদের প্যান আবেদনেও ব্যবহার করতে হবে নতুন ফর্ম ৯৩।
তবে করদাতাদের জন্য একটি স্বস্তির খবরও রয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের আয়কর জমার ক্ষেত্রে এখনও পুরনো ফর্মগুলি বৈধ থাকবে। কিন্তু ১ এপ্রিল ২০২৬-এর পর অর্জিত আয়ের ক্ষেত্রে এই নতুন ফর্ম ব্যবস্থাই বাধ্যতামূলক হবে। ডিজিটাল পোর্টালে ফর্মগুলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাওয়ায় ব্যবহারকারীদের আলাদা করে খুব বেশি জটিলতার মুখে পড়তে হবে না বলেই আশা করা হচ্ছে।



