বিশ্বকাপ ফাইনালে প্রথম ‘হাফটাইম শো’! শাকিরা-বিটিএস-ম্যাডোনায় কাঁপবে মঞ্চ

ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনালে প্রথমবার যুক্ত হচ্ছে ‘হাফটাইম শো’। মেটলাইফ স্টেডিয়ামে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার ঘটতে চলেছে যুগান্তকারী পরিবর্তন। শুধু মাঠের লড়াই নয়, এবার বিশ্বকাপ ফাইনাল মাতাবে সঙ্গীত ও গ্ল্যামারের মহোৎসবও। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ ফাইনালে যুক্ত হচ্ছে ‘হাফটাইম শো’। আমেরিকার জনপ্রিয় এনএফএল সুপার বোলের আদলে তৈরি এই আয়োজন ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। আর সেই মঞ্চে একসঙ্গে পারফর্ম করতে চলেছেন বিশ্বসঙ্গীতের তিন মহাতারকা— শাকিরা, ম্যাডোনা এবং বিটিএস। ফিফার এই ঘোষণাকে ইতিমধ্যেই ‘মাস্টারস্ট্রোক’ বলছেন ফুটবলপ্রেমীরা।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। সেই কারণেই এবারের টুর্নামেন্টকে আরও বড় আকারে সাজাতে চায় ফিফা। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ফাইনাল। আর সেখানেই ইতিহাস তৈরি করে প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘হাফটাইম শো’।

ফিফা সূত্রে খবর, ল্যাটিন পপ তারকা শাকিরা আবারও ফুটবল মঞ্চে ফিরতে চলেছেন। ২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ আজও বিশ্বকাপের অন্যতম জনপ্রিয় অ্যান্থেম হিসেবে ধরা হয়। এবার তিনি নতুন গান ‘দাই দাই’ নিয়ে দর্শকদের মাতাতে প্রস্তুত। অন্যদিকে, দীর্ঘ বিরতির পর বিটিএসের প্রত্যাবর্তন ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা তৈরি হয়েছে। কোরিয়ান পপ সেনসেশনদের লাইভ পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে তাদের অনুরাগীদের মধ্যে। সেই সঙ্গে পপ সম্রাজ্ঞী ম্যাডোনাও নতুন অ্যালবাম নিয়ে মঞ্চে ফিরছেন।

সব মিলিয়ে ১৯ জুলাইয়ের রাতকে এখন থেকেই ‘ঐতিহাসিক বিনোদন সন্ধ্যা’ বলেই মনে করছেন অনেকে। ফুটবল ও বিনোদনের এই মেলবন্ধন বিশ্বকাপের দর্শকসংখ্যাকে আরও বাড়িয়ে দিতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের।

আগামী ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। তবে এই জৌলুসের মাঝেই বাড়ছে বিতর্কও। একাধিক সমর্থকের অভিযোগ, এবারের বিশ্বকাপ দেখতে যাওয়া অত্যন্ত ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। বিমানভাড়া, হোটেল এবং এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের খরচ সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেই অভিযোগ উঠছে।

তবু সব বিতর্ক ছাপিয়ে ফুটবলপ্রেমীদের একাংশের বিশ্বাস, ২০২২ কাতার বিশ্বকাপের দর্শকসংখ্যার রেকর্ডও ভেঙে দিতে পারে ২০২৬ বিশ্বকাপ। কারণ এবার শুধু ফুটবল নয়, বিশ্বমঞ্চে দেখা যাবে বিনোদনেরও সবচেয়ে বড় উৎসব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত