ডার্বির আগে বড় মোড়! অস্কারকে থেকে যাওয়ার অনুরোধ ইস্টবেঙ্গলের

মরশুম শেষে ইস্টবেঙ্গল ছাড়ার ঘোষণা করেছিলেন অস্কার ব্রুজো। এবার তাঁকেই থেকে যাওয়ার অনুরোধ জানাল লাল-হলুদ ক্লাব কর্তৃপক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডার্বির উত্তাপের মাঝেই ইস্টবেঙ্গল শিবিরে বড় নাটকীয় মোড়। কিছুদিন আগেই মরশুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা করেছিলেন কোচ অস্কার ব্রুজো। সেই সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছিলেন লাল-হলুদ সমর্থকেরা। তবে এবার বিতর্ক ভুলে স্প্যানিশ কোচকেই পরের মরশুমেও রেখে দিতে মরিয়া ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অস্কার যেন নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন, সেই অনুরোধ জানানো হবে তাঁকে। একইসঙ্গে ইনভেস্টর ইমামিকেও কোচকে ধরে রাখার জন্য উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছে ক্লাব।

রবিবার গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচের আগে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ফুটবল মহল। ইস্টবেঙ্গল কর্তাদের একাংশের মতে, ডার্বির ঠিক আগে ইমামি এবং কোচকে ঘিরে অনিশ্চয়তার খবর ছড়িয়ে ফুটবলারদের মনোবল নষ্ট করার চেষ্টা চলছে। প্রতি মরশুম শেষের মুখে ইমামির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয় বলেও অভিযোগ ক্লাবের অন্দরে।

বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ডাঃ প্রণব দাশগুপ্ত। সভাপতি মুরারিলাল লোহিয়া উপস্থিত না থাকায় তিনিই বৈঠক পরিচালনা করেন। বৈঠকের শুরুতে প্রয়াত মোহনবাগান প্রাক্তন সভাপতি টুটু বোসের স্মৃতিতে নীরবতা পালন করা হয়। এরপরই অস্কার ব্রুজোকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ক্লাব।

ক্লাবের তরফে প্রকাশিত প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অস্কার ব্রুজো পরের মরশুমে না থাকার সিদ্ধান্ত জানালেও তাঁকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি ইমামি কর্তৃপক্ষকেও কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, গত মরশুমের মাঝপথে ইস্টবেঙ্গলের দায়িত্ব নেন অস্কার ব্রুজো। যদিও তাঁর কোচিংয়ে এখনও পর্যন্ত কোনও ট্রফি জেতেনি দল। তবুও এবারের মরশুমে শক্তিশালী দল গড়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। সেই কারণেই কোচকে ধরে রাখতে মরিয়া ক্লাব।

সম্প্রতি ক্লাবের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অস্কার। নাম না করে তিনি অভিযোগ করেন, “ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত কিছু মানুষ দলের উন্নতি চান না।” সেই মন্তব্যের পালটা দিয়েছিলেন ক্লাব কর্তা দেবব্রত সরকারও। তিনি বলেন, “কোচ পেশাদার। আজ আছে, কাল চলে যাবে।” তবে ডার্বির আগে আপাতত সব বিতর্ক সরিয়ে রেখে দল ও কোচের পাশে দাঁড়ানোর বার্তাই দিল ইস্টবেঙ্গল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত