প্রশ্নফাঁস কাণ্ডে বাতিল NEET, ফের পরীক্ষার দিন ঘোষণা করল NTA

প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হয়েছিল NEET-UG ২০২৬ পরীক্ষা। এবার আগামী ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশজুড়ে বিতর্ক, বিক্ষোভ আর উদ্বেগের আবহের মধ্যেই অবশেষে NEET-UG ২০২৬ পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হয়ে যাওয়া ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ফের অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে এনটিএ। ফলে ফের নতুন করে প্রস্তুতিতে নামতে হচ্ছে প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থীকে।

গত ৩ মে দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছিল NEET-UG ২০২৬। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রশ্নফাঁস নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করে। তদন্তে উঠে আসে, রাজস্থানে পরীক্ষার প্রায় এক মাস আগেই কিছু পড়ুয়ার হাতে পৌঁছে গিয়েছিল সম্ভাব্য প্রশ্নপত্র। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশন জানিয়েছেন, সেই সম্ভাব্য প্রশ্নপত্রে মোট ৪১০টি প্রশ্ন ছিল। পরে দেখা যায়, তার মধ্যে ১২০টি রসায়নের প্রশ্ন মূল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্ন নয়, উত্তরের বিকল্পগুলিও একই ছিল বলে দাবি।

আরও একটি সূত্রের দাবি, সম্ভাব্য প্রশ্নপত্রে থাকা ২৮১টি প্রশ্নের মধ্যে ১৩৫টি প্রশ্ন সরাসরি মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায়। এই তথ্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। বিরোধী রাজনৈতিক নেতারাও সরব হন। রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল— একাধিক নেতা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।

এরপরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দেয়, ৩ মে অনুষ্ঠিত NEET-UG পরীক্ষা বাতিল করা হচ্ছে। প্রশ্নফাঁসের অভিযোগের তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। সেই সঙ্গে ঘোষণা করা হয়, পরীক্ষার্থীদের ফের নতুন করে পরীক্ষায় বসতে হবে।

এনটিএ ইতিমধ্যেই জানিয়েছে, পুনরায় পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের নতুন করে আবেদন করতে হবে না। কোনও অতিরিক্ত ফিও লাগবে না। আগের পরীক্ষার জন্য জমা করা অর্থ পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে নতুন পরীক্ষার জন্য নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সেই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। যদিও কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, তা এখনও স্পষ্ট করেনি সংস্থা।
neet1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত