মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মায়াপুর সফর শুভেন্দুর, ইসকনে বিশেষ পুজোয় অংশগ্রহণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুরে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর সফর ঘিরে উৎসবের আবহ তৈরি হয় ইসকন মন্দির চত্বরে। মুখ্যমন্ত্রী পৌঁছতেই ফুলের মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান ইসকনের সন্ন্যাসীরা। দেশি-বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তনেও মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ মায়াপুরে পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে প্রথমে ইসকনের সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। এরপর সরাসরি চলে যান ইসকনের গোশালায়।

গোশালায় গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী। শুধু পুজোই নয়, গোমাতাকে নিজে হাতে খাবার খাইয়ে সেবাও করেন তিনি। ইসকনের ধর্মীয় রীতিনীতি মেনেই সম্পন্ন হয় এই বিশেষ অনুষ্ঠান।

এরপর মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা মূল চন্দ্রোদয় মন্দিরে। সেখানে বিশেষ যজ্ঞ ও পুজোপাঠে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি ইসকনের সাধুসন্তদের সঙ্গে বৈঠকও করার কথা রয়েছে বলে সূত্রের খবর।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মায়াপুরে নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন। মন্দির চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদেরও দেখা যায় নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে।

ইসকন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভক্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিদেশি ভক্তরাও হরিনাম সংকীর্তনের মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর এই প্রথম মায়াপুর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রের সঙ্গে সরকারের সম্পর্ক আরও মজবুত করার বার্তাও এই সফরে উঠে আসছে বলে মত পর্যবেক্ষকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন