তৃণমূল টিকিট না দিলে জোড়া পাতা চিহ্নে লড়বেন পার্থ? বেহালা পশ্চিম কেন্দ্রই টার্গেট প্রাক্তন শিক্ষামন্ত্রীর!

তৃণমূল টিকিট না পাওয়ার সম্ভাবনা ধরে নিয়ে ২০২৬ বিধানসভা ভোটে বেহালা পশ্চিম থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস টিকিট না দিলে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবেই ভোটে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি—এমনই ইঙ্গিত রাজনৈতিক মহলে। জোড়া পাতা চিহ্নে লড়াইয়ের কথাও নাকি ঘনিষ্ঠ মহলে স্পষ্ট করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

প্রায় তিন বছর তিন মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পরিষদীয় কাজকর্মে ধীরে ধীরে সক্রিয় হচ্ছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। ২০২২ সালের ২৩ জুলাই স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে Enforcement Directorate (ইডি)। গ্রেফতারের সময় তিনি রাজ্যের শিল্পমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রীর দায়িত্বে ছিলেন। গ্রেফতারির পরই তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও নিলম্বিত করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

পরবর্তী সময়ে একই মামলায় Central Bureau of Investigation (সিবিআই)-এর হাতেও গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। একাধিক মামলায় জামিন পাওয়ার পর গত ১১ নভেম্বর জেল থেকে মুক্তি পান তিনি। বর্তমানে নাকতলার নিজের বাসভবনেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

মুক্তির পর প্রকাশ্যেই পার্থ জানান, তিনি বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে বক্তৃতা করতে চান। সেই ইচ্ছা জানিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-কে চিঠিও দেন তিনি। যদিও এখনও পর্যন্ত তাঁকে বিধানসভায় উপস্থিত হতে দেখা যায়নি। তবে বুলেটিন অনুযায়ী, বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে—গ্রন্থাগার কমিটি, আবাসন ও অগ্নিনির্বাপণ জরুরি পরিষেবা কমিটি এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটিতে বর্তমানে সদস্য পার্থ চট্টোপাধ্যায়।

কিন্তু প্রশ্ন উঠছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পার্থর ভবিষ্যৎ কী? দল কি তাঁকে আবার প্রার্থী করবে? সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ইচ্ছা—তৃণমূল কংগ্রেস যেন তাঁকে আবার জোড়াফুল চিহ্নে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করে। কিন্তু এখনও পর্যন্ত দলীয় নেতৃত্বের তরফে কোনও স্পষ্ট বার্তা না পাওয়ায়, তিনি ধরে নিয়েছেন যে টিকিট মিলবে না। সেই কারণেই নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের রূপরেখা তৈরি করছেন তিনি।

রাজনৈতিক সূত্রে দাবি, তৃণমূল টিকিট না পেলে পার্থ চট্টোপাধ্যায় জোড়া পাতা চিহ্নেই ভোটে নামতে পারেন, যা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বেহালা পশ্চিম কেন্দ্র ঘিরে তাই এখন থেকেই জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত