নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের আগে ইডেনের প্রস্তুতি খতিয়ে দেখতে আইসিসি এবং বিসিসিআই দলের আসার দিনেই দুশ্চিন্তার ভাঁজ সিএবি কর্তাদের কপালে। পুলিশের আপত্তিতে বিশ্বকাপের একটি ম্যাচের দিনক্ষণ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আইসিসি-র একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর ইডেনে ম্যাচ রয়েছে।
আরও পড়ুন: কিছু দালাল চিটিংবাজ দলের মধ্যে ঢুকে পড়েছে, ফের বিস্ফোরক মদন মিত্র


১২ নভেম্বর ম্যাচে ইডেনে মুখোমুখি হবে পাকিস্তান এবং ইংল্যান্ড। পাকিস্তানের এই ম্যাচ ঘিরেই জটিলতা তৈরি হয়েছে। তার কারণ সেদিনই কলকাতায় কালীপুজো ও দীপাবলি। সেই ম্যাচ আয়োজনে নিরাপত্তার সমস্যা হতে পারে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।
যদিও সিএবি প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, এখনও পুলিশের থেকে সরকারি ভাবে তাঁদের কিছু জানানো হয়নি। কলকাতার এই ক্রিকেট স্টেডিয়াম দেখে খুশি আইসিসি-র কর্তারা। কিছু কিছু বিষয় নিয়ে এখনও সমস্যা রয়েছে। তবে সিএবি সভাপতি স্নেহাশিসের আশ্বাস, নির্দিষ্ট সময়ের আগেই তাঁরা সব কাজ মিটিয়ে ফেলতে পারবেন।
কালীপুজোর দিন ইডেনে পাকিস্তান এবং ইংল্যান্ড ম্যাচ, আপত্তি পুলিশের
স্নেহাশিস জানিয়েছেন, ইডেনে নতুন স্কোরবোর্ড বসছে। ঢেলে সাজানো হচ্ছে শৌচাগার এবং কর্পোরেট বক্স। উল্লেখ্য, বিশ্বকাপের সেমিফাইনাল-সহ মোট পাঁচটি ম্যাচের আয়োজন হবে ইডেনে। দুর্গাপুজোর কথা মাথায় রেখে ইডেনের ম্যাচগুলি বাঙালির প্রিয় উৎসবের পরেই দেওয়া হয়েছিল।









