ভারতে কি দেখা যাবে না ফুটবল বিশ্বকাপ? শুরুের ৩৭ দিন আগেও বড় অনিশ্চয়তা

ফিফার চাওয়া দাম নিয়ে রিলায়েন্স-ডিজনির সঙ্গে মতভেদ। বিশ্বকাপ শুরুর ৩৭ দিন আগেও ভারতে সম্প্রচার নিয়ে কাটছে না অনিশ্চয়তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। অথচ এখনও নিশ্চিত নয়, ভারতীয় দর্শক আদৌ টিভি বা ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন কি না। সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে ফিফা এবং রিলায়েন্স-ডিজনির মধ্যে মতভেদ তৈরি হওয়ায় জট কাটছে না। ফলে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের শেষ বিশ্বমঞ্চের লড়াই ঘিরে উত্তেজনা থাকলেও সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে বিরাট অনিশ্চয়তা।

ভারতে ফুটবল বিশ্বকাপের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। চার বছর অন্তর বিশ্বকাপ ঘিরে রাত জাগা, প্রিয় দলের জার্সি, আড্ডা— সবই যেন উৎসবের অংশ হয়ে ওঠে। কিন্তু এ বার পরিস্থিতি একেবারেই অন্যরকম। বিশ্বকাপ শুরু হতে মাত্র ৩৭ দিন বাকি, অথচ এখনও কোনও ভারতীয় সম্প্রচারকারী সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি ফিফার।

সূত্রের খবর, ২০২৬ এবং ২০৩০ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রির প্রক্রিয়া আগেই শুরু করেছিল ফিফা। প্রথমে তারা স্বত্বের মূল্য ধার্য করে ১০ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু এত বিপুল অর্থ খরচ করতে আগ্রহ দেখায়নি কোনও ভারতীয় সংস্থা।

এরপর ফিফা দাম কমিয়ে প্রায় সাড়ে ৩ কোটি ডলার বা ৩২৬ কোটি টাকার কাছাকাছি নিয়ে আসে। তাতেও পরিস্থিতি বদলায়নি। শেষ পর্যন্ত রিলায়েন্স-ডিজনি প্রায় ২ কোটি ডলার, অর্থাৎ ১৮৬ কোটি টাকার প্রস্তাব দেয়। কিন্তু সেই দামে স্বত্ব বিক্রি করতে এখনও রাজি নয় ফিফা।

ফলে আলোচনা চললেও কোনও পক্ষই আপাতত সমঝোতায় পৌঁছতে পারেনি। প্রথম দিকে একটি সংস্থা আগ্রহ দেখালেও পরে তারা সরে দাঁড়ায় বলে জানা গিয়েছে।

শুধু ভারত নয়, একই সমস্যা দেখা দিয়েছে চিনেও। বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশেই এখনও বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত। ফিফার দাবি, ইতিমধ্যেই বিশ্বের ১৭৫টি দেশে সম্প্রচার চূড়ান্ত হয়েছে। কিন্তু সেই তালিকায় নেই ভারত ও চিনের নাম।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তার আগে দ্রুত সমাধান না হলে কোটি কোটি ভারতীয় ফুটবলপ্রেমী বড় ধাক্কা খেতে পারেন বলেই আশঙ্কা ক্রীড়ামহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত