নিউটাউনের শপিং মলে রক্তারক্তি, ত্রিকোণ প্রেমের জেরে বন্ধুর গলায় ছুরির কোপ!

পুজোর আগে নিউটাউনের শপিং মলে বন্ধুদের মধ্যে বচসা থেকে ছুরিকাণ্ড। ত্রিকোণ প্রেমের জেরে হামলার অভিযোগ, গুরুতর জখম দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পুজোর আগে শপিং মলে উপচে পড়া ভিড়। তার মাঝেই আচমকা রক্তারক্তি কাণ্ড। বুধবার বিকেলে নিউটাউনের একটি শপিং মলে বন্ধুদের মধ্যে বচসার জেরে ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ত্রিকোণ প্রেমের সম্পর্ককে কেন্দ্র করেই বচসার সূত্রপাত।

পুলিশ সূত্রে খবর, শপিং মলের ভিতরে বসে কয়েকজন বন্ধু ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। সেই সময় কোনও একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বচসার মাঝেই এক যুবক তাঁর ব্যাগ থেকে ছুরি বের করে ফেলেন।

এরপর আচমকাই এক বন্ধুর গলা-সহ শরীরের একাধিক জায়গায় ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন সঙ্গে থাকা আরও এক বন্ধু। অভিযোগ, তাঁকেও ছুরি দিয়ে আঘাত করেন ওই যুবক।

ঘটনায় দু’জনই গুরুতর জখম হন। শপিং মলের ভিতরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে মলের অন্যান্য ক্রেতা ও কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য এখনও পুলিশের তরফে জানানো হয়নি।

ঘটনার পর অভিযুক্ত যুবককে ঘটনাস্থলেই আটকে রাখেন উপস্থিত কয়েকজন। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। টেকনো সিটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ত্রিকোণ প্রেমের সম্পর্ককে কেন্দ্র করেই এই হামলার ঘটনা বলে উঠে এসেছে। তবে ঠিক কী নিয়ে বন্ধুদের মধ্যে বচসা শুরু হয়েছিল এবং হামলার নেপথ্যে সম্পর্কের কী ভূমিকা ছিল, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একই সঙ্গে শপিং মলের ভিতরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুজোর আগে ব্যস্ত শপিং মলে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন