গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্নাতকস্তরের মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা নিট ইউজি-এর শহর ও পরীক্ষাকেন্দ্র ভিত্তিক ফলাফল ওয়েবসাইটে আপলোডের নির্দেশ দেয়। যা মেনে শনিবার নির্ধারিত সময়ের মধ্যে ফের একবার মেডিক্যাল প্রবেশিকার রেজাল্ট আউট করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। দুপুর সাড়ে ১২টার মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই এদিন ফল প্রকাশ করল এনটিএ।
এনটিএ-এর দু’টি ওয়েবসাইট exams.nta.ac.in/NEET/ এবং neet.ntaonline.in. -এ গিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। ফল দেখতে এক্সাম সেন্টার কোড লিখতে হবে। প্রথমে এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করতে হবে। এরপর হোমপেজে হাইলাইট করা যে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে খুলবে পেজ, সেখানে দিতে হবে প্রার্থীর লগ ইন তথ্য। লগ ইন তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এর পরই স্ক্রিনে ফুটে উঠবে প্রার্থীর রেজাল্ট। রেজাল্টের পাশেই মিলবে ডাউনলোড অপশান। সেখানে ক্লিক করে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।



সুপ্রিম কোর্টের ডেডলাইন মানল NTA, প্রকাশিত NEET-UG পরীক্ষার ফলাফল
প্রসঙ্গত, গত ৫মে স্নাতক স্তরের মেডিক্যালের প্রবেশিকার আয়োজন করে এনটিএ। এবার মোট ২৩.৩৩ লাখ পড়ুয়া সর্বভারতীয় এই পরীক্ষায় বসেছিলেন। মোট ৪,৭৫০টি কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা। যা ছড়িয়েছিল ৫৭১টি শহরে। দেশের বাইরে মোট ১৪টি কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করেছিল এনটিএ।



কিন্তু,গত ৪ জুন নিট ইউজির রেজাল্ট প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তার পরই এই সর্বভারতীয় প্রবেশিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। শীর্ষ আদালতের নির্দেশে ১,৫৬৩ জনের ফের পরীক্ষা নিতে হয়েছে এনটিএকে। সেই রেজাল্টও আজ প্রকাশ করেছে এনটিএ।







