কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ শামি, তবে কি শেষ তাঁর ক্রিকেট কেরিয়ার?

বিশ্বকাপের তারকা পেসার হয়েও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় বাড়ছে অনিশ্চয়তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একসময় ভারতের বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা ছিলেন মহম্মদ শামি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী পেসার হয়েও এখন জাতীয় দলের বাইরেই তিনি। এবার ধাক্কা আরও বড়—বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকেও বাদ পড়লেন অভিজ্ঞ এই পেসার। ফলে জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নতুন বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। মোট ৩০ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেই তালিকায়। কিন্তু সেখানে নেই শামির নাম। গত মরশুমে তিনি ‘বি’ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন, আর এবার সরাসরি তালিকার বাইরে চলে গেলেন।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল দেখতে কল্যাণীতে উপস্থিত ছিলেন নির্বাচক আরপি সিং। ম্যাচের চতুর্থ দিনের শেষে শামির সঙ্গে কথাও বলেন তিনি। তবে সেই দিনই রাতে বোর্ডের তরফে পাঠানো মেইলে স্পষ্ট হয়ে যায়—নতুন চুক্তির তালিকায় জায়গা হয়নি তাঁর।

ভারতের হয়ে শামি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার পর থেকে জাতীয় দলে আর সুযোগ পাননি। অথচ ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্ম করে চলেছেন। রঞ্জি ট্রফি হোক বা সৈয়দ মুস্তাক আলি ট্রফি—দুই ক্ষেত্রেই বল ও ব্যাট হাতে অবদান রেখেছেন এই পেসার।

সোমবার রঞ্জির কোয়ার্টার ফাইনালেই দ্রুত অর্ধশতরান করেন শামি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ রান তুলছেন তিনি। তবুও নির্বাচকদের নজরে পড়ছে না তাঁর পারফরম্যান্স—এমনটাই মনে করছেন ক্রিকেটমহলের একাংশ।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে বাংলার হয়ে জায়গা পেয়েছেন শুধু আকাশ দীপ। তাঁকে রাখা হয়েছে ‘সি’ গ্রুপে। অন্যদিকে, শামির নাম সম্পূর্ণ তালিকার বাইরে চলে যাওয়ায় জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন আরও জোরালো হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন