নজরবন্দি ব্যুরো: পেরিয়েছে এক মাসের বেশি সময়। স্পেন ও দুবাই সফর শেষ করে কলকাতায় ফেরার পর এখনও পর্যন্ত বাড়ি থেকে বাইরে বেরোননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তাঁর পায়ের চোট বেশ গুরুতর আকার ধারণ করেছিল। ফিরে এসে এসএসকেএমে চিকিৎসাও করান তিনি। ২৩ শে সেপ্টেম্বর কলকাতায় ফিরে আজ ৩৩ দিন পর ২৭ শে অক্টোবর রেড রোডের পুজো কার্নিভালে অংশ নিতে বাড়ির বাইরে পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী বললেন গভীর ষড়যন্ত্রের শিকার হলাম


একুশের বিধানসভা ভোটের প্রচারের সময় নন্দীগ্রামে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় চিকিৎসার পর ভোটের ফলাফল ঘোষণার দিন তিনি সুস্থ হয়ে হুইল চেয়ার ছাড়েন। চলতি বছর পঞ্চায়েত নির্বাচনের সময় কপ্টার থেকে নামতে গিয়ে ফের পায়ে আঘাত পান তিনি এবং তা গুরুতর আকার ধারণ করে।

সেই কারণেই বিদেশ সফর শেষ করে এসএসকেএমে চিকিৎসা করান মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা তাঁকে পরামর্শ দেন বাড়িতে থাকার এবং হাঁটাচলা কম করার। এর মাঝে তৃণমূলের বেশ কিছু কর্মসূচি হয়ে গিয়েছে কিন্তু কখনোই সেখানে সশরীরে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ বছর পুজো উদ্বোধনও তিনি বাড়ি বসেই করেছেন।



এসএসকেএমে চিকিৎসার সময় মমতা জানিয়েছিলেন যে, তাঁর পায়ের সংক্রমণ বেড়েছে এবং তাঁকে ‘আইভি ইনজেকশন’ নিতে হচ্ছে। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী আগের চেয়ে অনেকটাই বেশি সুস্থ। ধীরে ধীরে তিনি সেরে উঠছেন। সেই কারণেই আজ বিকেলে রেড রোড পুজো কার্নিভালে তিনি অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছেন।
অবশেষে গৃহবন্দি দশা কাটিয়ে বাইরে বেরোবেন মমতা, উদ্দেশ্য পুজো কার্নিভালে যোগদান
প্রতিবছরই রেড রোডে পুজো কার্নিভাল আয়োজন করে থাকে রাজ্য সরকার। এ বছর মোট ৯৬ টি পুজো এই কার্নিভালে অংশ নেবে। সেখানেই নৃত্য পরিবেশন করার কথা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় পত্নী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীদের।








