নজরবন্দি ব্যুরো: মুর্শিদাবাদের জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান গায়ক অরিজিৎ সিং। একথা তিনি আগেই জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এনিয়ে কথা বলেছিলেন। এবার হাসপাতাল তৈরিতে গায়ককে সবকমের সাহায্য করার নির্দেশ প্রশাসনকে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Cyclone Mocha Update: কলকাতায় মোচার তাণ্ডব? কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, রইল বড় আপডেট


বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্বাস্থ্য বিষয়ক আলোচনা চলাকালীন এই প্রসঙ্গ টেনে আনেন। বলেন, “অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চায়। একটা হাসপাতাল তৈরি করতে চায় ও। সেই কাগজপত্র প্রশাসনের কাছে দিয়েছি। অরিজিৎ জিয়াগঞ্জের বাসিন্দা কিন্তু জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করতে চায়। প্রশাসনকে বলব ওকে সবরকম ভাবে সহযোগিতা করতে হবে।”

এই হাসপাতাল তৈরিতে সহযোগিতা করতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খালিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করলে সবথেকে বেশি খুশি হবে খালিলুর। তাই তাকেও বলব সহযোগিতা করার কথা।”



হাসপাতাল তৈরিতে অরিজিতের পাশে মমতা, প্রশাসনকে সহযোগিতার নির্দেশ
করোনাকালীন সময় নিজের মাকে হারিয়েছেন অরিজিৎ। মায়ের মৃত্যু তাঁকে নড়িয়ে দিয়েছিল। এরপরই গ্রামের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেন তিনি। শিলিগুড়ির কনসার্টেও অরিজিৎ জানিয়েছেন নিজের লক্ষ্যে স্থির আছেন। স্বপ্নপূরণ করে গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে চান অরিজিৎ।

উল্লেখ্য, গত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন অরিজিৎ সিং। মুখ্যমন্ত্রী তাঁকে গান গাওয়ার অনুরোধ করেন। মঞ্চে সেইসময়ে উপস্থিত ছিলেন শাহরুখ খান। মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখতে ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গেয়ে ওঠেন। এরপরই শুরু হয় বিতর্ক। যদিও মুখ্যমন্ত্রী তখনও জানিয়েছিলেন, ‘অরিজিৎ বাংলার ছেলে। মা-মাটি-মানুষের সরকার তাঁর পাশে আছে।’







