কালো মেঘে ঢাকছে আকাশ, কয়েক ঘণ্টা পরেই ঝড়বৃষ্টির দাপট—উপকূলে সতর্কতা জারি

দক্ষিণ ও উত্তরবঙ্গে টানা সাতদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস, সোমবার কমলা সতর্কতা—উপকূলে বাড়ছে ঝোড়ো হাওয়ার দাপট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মে মাসের শুরুতেই আবহাওয়ার বড় বদল। ভ্যাপসা গরমের বদলে কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, আর কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টির দাপটে ভিজতে চলেছে গোটা বাংলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস—আজ থেকে টানা সাতদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ায় অস্থির থাকবে রাজ্য, বিশেষ সতর্কতা জারি হয়েছে উপকূল এলাকায়।

রবিবার সকালে থেকেই মেঘলা আকাশে ঢেকে গিয়েছে শহর। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। গরমের তীব্রতা কিছুটা কমলেও বিকেলের পর থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা।

সোমবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির তীব্রতা বাড়বে, হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি। এদিন জারি হয়েছে কমলা সতর্কতা।

মঙ্গলবার বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির দাপট বেশি থাকবে। অন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবারও দক্ষিণবঙ্গ জুড়ে একই পরিস্থিতি বজায় থাকতে পারে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে, তবে আপাতত বড় কোনও সতর্কতা জারি করা হয়নি।

এদিকে উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে -সহ বিভিন্ন জেলায়ও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে, সপ্তাহজুড়ে বাংলার আবহাওয়া থাকবে অস্থির। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং সতর্ক থাকা—এই মুহূর্তে সেটাই সবচেয়ে বড় পরামর্শ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন