কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হঠাৎ আবহাওয়ার বড় পরিবর্তনের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার বুলেটিনে আলিপুর আবহাওয়া অফিস জানায়, দক্ষিণবঙ্গের চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহবিদদের মতে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে।


সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপর শহরের বিভিন্ন অংশে শুরু হয় বৃষ্টিপাত। দমদম, কেষ্টপুর, বাগুইআটি এবং বিমানবন্দর সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই প্রবল বৃষ্টি নেমেছে। কোথাও কোথাও মেঘের গর্জনও শোনা যাচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
ঝড়বৃষ্টির সময় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। বজ্রপাতের ঝুঁকি এড়াতে ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখা এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। কৃষিক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।


এদিকে দক্ষিণবঙ্গের আরও সাতটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এর মধ্যে নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্তমানে উত্তরপ্রদেশের পূর্বাংশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ ও সংলগ্ন বিহার অঞ্চলের উপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে।
দক্ষিণ ভারতে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ এবং এই দুই ঘূর্ণাবর্তের সম্মিলিত প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



