অবশেষে চালু হল অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন প্রক্রিয়া। শুক্রবার রাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট পোর্টালে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁরা এখন ঘরে বসেই অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। তবে আবেদন করার আগে প্রয়োজনীয় নথি এবং নিয়মগুলি জেনে নেওয়া জরুরি।
রাজ্য সরকারের পোর্টাল https://socialregistry.wb.gov.in/–এ প্রবেশ করলে দুটি অপশন দেখা যাবে— ‘Citizen/Family Login’ এবং ‘Department Officer Login’। সাধারণ আবেদনকারীদের ‘Citizen/Family Login’-এ ক্লিক করতে হবে।


এরপর নিজের জেলা নির্বাচন করে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদনপত্র খুলে যাবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করা যাবে।
তবে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, একটি মোবাইল নম্বর ব্যবহার করে শুধুমাত্র একজন আবেদনকারীই আবেদন করতে পারবেন। এছাড়া ভোটার পরিচয়পত্র বা এপিক নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। যদি কারও নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়ে থাকে এবং তিনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তবে সেই সংক্রান্ত তথ্যও দিতে হবে।
আবেদনের জন্য যে নথিগুলি প্রয়োজন


অনলাইন আবেদন করার সময় আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের তথ্য দিতে হবে। পাশাপাশি আধারের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, আয়ের প্রমাণপত্র এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে।
ফর্মে কী কী তথ্য দিতে হবে?
আবেদনকারীর পরিবারের প্রত্যেক সদস্যের আধার নম্বর, ভোটার পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এছাড়া ডিজিটাল রেশন কার্ড নম্বর এবং রেশন কার্ডের ধরন সম্পর্কিত তথ্যও দিতে হবে।
পরিবারের প্রধান এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও বাধ্যতামূলক। সেই সঙ্গে পরিবারের জমিজমা, সম্পত্তি, পাকা বাড়ির সংখ্যা, জমির রেকর্ড এবং মিউটেশন সংক্রান্ত তথ্যও চাওয়া হচ্ছে।
যদি পরিবারের কোনও সদস্যের নামে চার চাকার গাড়ি থাকে, তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং মডেলের তথ্য দিতে হবে। এছাড়া স্বাস্থ্যবিমা, প্যান কার্ড, জিএসটি নিবন্ধন, আয়কর প্রদান সংক্রান্ত তথ্য এবং পরিবারের প্রত্যেক সদস্যের পেশার বিবরণও জমা দিতে হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, অফলাইন আবেদনের ক্ষেত্রে যে সমস্ত নথি জমা দিতে হচ্ছে, অনলাইন আবেদনেও প্রায় একই তথ্য ও নথির প্রয়োজন হবে।
উল্লেখ্য, গত ৩ জুন রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রকল্প শুরুর প্রথম দিনেই ২৮ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হয়েছে।
সরকার জানিয়েছে, অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই আবেদন গ্রহণ করা হবে। মোট ৯০ দিন ধরে আবেদন প্রক্রিয়া চলবে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত অন্নপূর্ণা যোজনা এবং লক্ষ্মীর ভাণ্ডার— দুই প্রকল্পই সমান্তরালভাবে চালু থাকবে। তবে আবেদন পর্ব শেষ হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



