গেরুয়া আবিরে রঙিন বাংলা, ট্রেন্ডে এগিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপি শিবির

প্রাথমিক ট্রেন্ডে একাধিক আসনে বিজেপির লিড, রাজ্যজুড়ে গেরুয়া আবির ও মিষ্টি বিলিতে শুরু আগাম উদযাপন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটগণনার ট্রেন্ড সামনে আসতেই রাজ্যজুড়ে গেরুয়া উচ্ছ্বাস। একাধিক আসনে এগিয়ে থাকার ইঙ্গিত মিলতেই কর্মী-সমর্থকদের উল্লাসে মুখর হয়ে উঠেছে BJP শিবির। কোথাও আবিরে আকাশ ঢাকছে, কোথাও লাড্ডু ও গেরুয়া রঙের রসগোল্লা বিলি—সব মিলিয়ে আগাম বিজয়োৎসবের ছবি ধরা পড়ছে বাংলার বিভিন্ন প্রান্তে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া গণনায় প্রথমে পোস্টাল ব্যালটেই একাধিক কেন্দ্রে এগিয়ে যায় বিজেপি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সেই ট্রেন্ড স্পষ্ট হওয়ার পর ধীরে ধীরে গোটা রাজ্যেই একই ছবি দেখা যেতে থাকে। পরে ইভিএম গণনা শুরু হতেই বেশ কিছু কেন্দ্রে ব্যবধান বাড়াতে থাকে গেরুয়া শিবিরের প্রার্থীরা।

উত্তর ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া—একাধিক জেলায় বিজেপি প্রার্থীরা উল্লেখযোগ্য লিড নিতে শুরু করেছেন। এমনকি কলকাতার মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতেও কয়েকটি আসনে ভালো ফল করছে বিজেপি, যা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

পূর্ব মেদিনীপুরে, যা দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর প্রভাবশালী এলাকা হিসেবে পরিচিত, সেখানেও শুরু হয়েছে গেরুয়া আবিরের উড়ান। নন্দীগ্রামে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে ভবানীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সামগ্রিক ট্রেন্ডে আত্মবিশ্বাসী বিজেপি শিবির, শেষ পর্যন্ত বড় ফলের আশা করেই উদযাপনে মেতেছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখনও বহু রাউন্ড গণনা বাকি। ফলে এই উচ্ছ্বাস চূড়ান্ত ফলাফলে কতটা প্রতিফলিত হবে, তা সময়ই বলবে। আপাতত রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আবহ, আর তার মধ্যেই টানটান উত্তেজনা বজায় রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত