গণনার ট্রেন্ডে রাজনৈতিক উত্তেজনা বাড়তেই রাজ্যজুড়ে অশান্তির আশঙ্কা—আর সেই পরিস্থিতিতেই দ্রুত কড়া পদক্ষেপ নিল নিরবাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, সম্ভাব্য আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতেই এই সিদ্ধান্ত।
প্রাথমিক ট্রেন্ডে রাজ্যে এগিয়ে রয়েছে BJP। একাধিক আসনে লিড পাওয়ার পর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিজয়োৎসব। কোথাও আবির খেলায় মেতেছেন কর্মীরা, কোথাও আবার মিষ্টি বিতরণ চলছে। তবে এই উচ্ছ্বাসের মাঝেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবরও সামনে আসছে।


আসানসোলে স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গণনা কেন্দ্রের বাইরেই আক্রান্ত হয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। অন্যদিকে নোয়াপাড়া ও বীজপুরে বুথের মধ্যেই তৃণমূল প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনাগুলির পর দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ কমিশনার ও জেলাশাসককে নির্দেশ দিয়েছে কমিশন।
বর্তমান পরিস্থিতিতে কমিশনের মূল লক্ষ্য শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। সেই কারণেই সংবেদনশীল জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজনৈতিক দলগুলিকেও সংযত থাকার বার্তা দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, ভোটের ফল ঘোষণার দিন শুধু রাজনৈতিক উত্তেজনাই নয়—আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে।









