নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সাংসদের অভিযোগ, তাঁর আইফোন হ্যাক করতে চায় কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই অ্যাপ্ল সংস্থা থেকে একাধিকবার সতর্কবার্তা পাঠানো হচ্ছে তৃণমূল সাংসদকে। এপ্রসঙ্গে প্রমাণ স্বরূপ অ্যাপ্লের মেসেজ এবং ইমেলের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন:অসুস্থতা কাটিয়ে নবান্নে এলেন মুখ্যমন্ত্রী, ডাকতে পারেন প্রশাসনিক বৈঠক
শুধু তৃণমূলের সাংসদ এই নন, পাশাপাশি কংগ্রেসের শশী থারুর থেকে শুরু করে এএপি-র রাঘব চাড্ডা সকলেই মঙ্গলবার দাবি করেছেন যে, তারা অ্যাপলের কাছ থেকে একটি “হুমকি বিজ্ঞপ্তি” পেয়েছেন। একইসঙ্গে কংগ্রেসের পবন খেরা এবং সুপ্রিয়া শ্রীনাতে, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিও একই রকম বিজ্ঞপ্তি পেয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার অ্যাপ্ল সংস্থা থেকে মহুয়ার আইফোনে একটি সতর্কবার্তা আসে। আর সেই সতর্কবার্তায় লেখা ছিল, ‘‘রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনাকে টার্গেট করেছে। অ্যাপ্ল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, অ্যাপ্ল সংস্থা থেকেই ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে যে, “যদি এই রাষ্ট্র পরিচালিত হ্যাকারেরা একবার আপনার আইফোনে ঢুকতে পারে, তাহলে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে কথোপকথন, এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।”

এরপরেই এদিন সোশ্যাল মিডিয়ার ইমেল এবং মেসেজে এই বার্তা পেয়ে তার স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া। পাশাপাশি তিনি লেখেন, “কেন্দ্রীয় সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপ্ল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি। আমরা এখন আপনাদের ভয় দেখে সত্যি করুণা হচ্ছে।”
‘আমার আইফোন হ্যাক করার চেষ্টা চালানো হচ্ছে’, বিস্ফোরক অভিযোগ মহুয়ার




