নজরবন্দী ব্যুরো: ‘মোদী সারনেম’ বিতর্ক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদে খারিজ হয়েছে তাঁর সাংসদ পদ। দেশজুড়ে কংগ্রেসের পতিবাদ চললেও এখনও এই ইস্যুতে বিরোধীদের নিশানায় তিনি। আর এই বিতর্কের কারণেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন ললিত মোদী।
আরও পড়ুন: দুবাইয়ের আকাশে উড়ছেন বনি, ফের নিয়োগ দুর্নীতি নিয়ে ট্রোলিংয়ের শিকার অভিনেতা
টুইটারে আইপিএল চেয়ারম্যান লেখেন, ‘এখনও পর্যন্ত প্রমাণিত নয় যে গত ১৫ বছরে আমি একটি টাকাও নয়ছয় করেছি। তবে আমি যে বিশ্বের সেরা একটি খেলার অনুষ্ঠান তৈরি করেছি যা প্রায় ১০০ বিলিয়ন ডলারের কাছাকাছি আয় করেছে। একজন কংগ্রেস নেতাকে ভুলতে দেওয়া যাবে না যে এই মোদী পরিবার দেশ এবং তাঁদের জন্য যা করেছে তা কল্পনার বাইরে।’ নিজের টুইটের মাধ্যমে গান্ধী পরিবারকে কড়া শব্দে আক্রমণ করেছেন ললিত মোদী।

২০১৯ সালে একটি সভায় রাহুল গান্ধী ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছিলেন, ‘কীভাবে সব চোরেদের পদবী মোদী হয়?’ প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আর্থিক তছরূপের অভিযোগ তুলে ললিত মোদীকেও নিশানায় এনেছিলেন রাহুল গান্ধী।
মোদী সারনেম বিতর্কের রেশ, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করতে পারেন ললিত মোদী

২০১৯ সালে একটি দলীয় সভায় ভারতের প্রধানমন্ত্রীর ‘পদবী’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মামলায় গত সপ্তাহে তাঁকে দোষী সাব্যস্ত করে দু বছরের কারাবাসের নির্দেশ দেয় সুরাট আদালত। পরে অবশ্য জামিনে মুক্ত হন তিনি। এরপরদিনই লোকসভায় তাঁর সাংসদ পদ বাতিল করা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই প্রতিবাদে নামে কংগ্রেস। প্রিয়ঙ্কা গান্ধী পাল্টা অভিযোগ তোলেন, বিজেপি অধিকাংশ সময় গান্ধী পরিবারের সকল সদস্যদের নিয়ে আপত্তিকর কথা বলে। সনিয়া গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী কেউই কেন্দ্রের আক্রমণ থেকে রেহাই পায় না। দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ দেখায়। সুরাট আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল। এখন শীর্ষ আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিভিন্ন মহল।



