কামারহাটি পুরসভার নজিরবিহীন সিদ্ধান্ত, একসঙ্গে ৫৭টি বহুতল ভেঙে ফেলতে হবে

কামারহাটি পুরসভা ৫৭টি অবৈধ বহুতল ভেঙে ফেলার নির্দেশ, ১৭টি বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কামারহাটি পুরসভা এবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল। ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের মধ্যে ৫৭টি অবৈধ বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এইসব বাড়ি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এবং পুরসভাকে কোনও অনুমতি বা নকসা জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে মালিকদের নোটিস পাঠানোর পরও তারা হাজির না হওয়ায়, পুরসভা এই পদক্ষেপ গ্রহণ করেছে।

পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, “এই বাড়িগুলির মধ্যে ১৭টি বাড়ির মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। ধোবিয়া বাগান এলাকায় একটি বহুতল ভাঙার কাজও শুরু হয়ে গেছে।”

কামারহাটি পুরসভা জানিয়েছে, ৫৭টি ভাঙার মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ২৬টি বাড়ি, ২ নম্বর ওয়ার্ডে ১টি, ৩ নম্বর ওয়ার্ডে ৭টি, ৪ নম্বর ওয়ার্ডে ২টি, ৫ নম্বর ওয়ার্ডে ৩টি, ৬ নম্বর ওয়ার্ডে ৭টি এবং ৭ নম্বর ওয়ার্ডে ১১টি বাড়ি ভাঙতে হবে। তবে, এই তালিকায় জয়ন্ত সিংয়ের বাড়ি নেই। পুরপ্রধান গোপাল সাহা জানাচ্ছেন, “জয়ন্ত সিংয়ের বাড়ির মালিকের খোঁজ এখনও পাওয়া যায়নি, তাই আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।”

পুরসভা দাবি করেছে যে, এসব বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এগুলির নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তাই অবিলম্বে এগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তটি শহরের অবৈধ নির্মাণ সংক্রান্ত আরও একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে, কারণ একাধিক পুরসভা ও পুরনিগম এ ধরনের অবৈধ নির্মাণ নিয়েই প্রশ্নের মুখে পড়েছিল। কামারহাটি পুরসভার এমন উদ্যোগকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত