ভোটগণনায় বড় দায়িত্ব রাজীব কুমারের, দমদম-বারাকপুরে পর্যবেক্ষক এবার প্রাক্তন ডিজি

দমদম-বারাকপুর সাংগঠনিক জেলায় ভোটগণনার দায়িত্বে প্রাক্তন ডিজি রাজীব কুমার, সঙ্গে সৌগত রায় ও পার্থ ভৌমিক—কাউন্টিংয়ের আগে কৌশল সাজাচ্ছে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে সংগঠনকে আরও মজবুত করতে কৌশলগত পদক্ষেপ নিল তৃণমূল। দমদম-বারাকপুর সাংগঠনিক জেলায় ভোটগণনার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল রাজ্যের প্রাক্তন ডিজি তথা বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব কুমার। নির্বাচনের গুরুত্বপূর্ণ এই পর্বে তাঁর উপর ভরসা রাখল দলীয় নেতৃত্ব।

দলীয় সূত্রে খবর, শুধু এই একটি জেলা নয়—সারা রাজ্য জুড়েই সাংগঠনিক জেলা ধরে গণনা পর্যবেক্ষকদের তালিকা চূড়ান্ত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন দুই শীর্ষ নেতা। সেই বৈঠকেই জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনের রূপরেখা সামনে আসে।

দমদম-বারাকপুর সাংগঠনিক জেলায় রাজীব কুমারের পাশাপাশি গণনা পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকছেন দলের দুই অভিজ্ঞ নেতা—সৌগত রায় ও পার্থ ভৌমিককে। রাজনৈতিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর এই অঞ্চলে তাই একাধিক হেভিওয়েট নেতাকে দায়িত্বে রেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল।

উল্লেখযোগ্যভাবে, গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন রাজীব কুমার। এবারও তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে দল। চলতি বছরের ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই তাঁকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। ৭ এপ্রিল সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর প্রথম বড় সাংগঠনিক দায়িত্ব।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রশাসনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের কাজের দক্ষতা—এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে ভোটগণনার মতো সংবেদনশীল পর্ব সামলাতে রাজীব কুমারকে সামনে আনা দলের সুপরিকল্পিত পদক্ষেপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন