আড়াই হাজার কোটি টাকা বিদেশে পাচার! সপুত্র শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু

দুর্নীতি, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্তে নেমেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে প্রায় আড়াই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগে তদন্ত শুরু করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ চাওয়ার কথাও জানিয়েছে ইউনূস কমিশন।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত শুরু করেছে। দুদকের উপপরিচালক মহম্মদ আখতারুল ইসলাম বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।”

ইউনূস কমিশনের মুখপাত্র শফিকুল আলম জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম এবং দুর্নীতির অভিযোগে ভারতের কাছে তাঁর প্রত্যর্পণ দাবি করা হবে। শফিকুল বলেন, “হাসিনা একজন স্বৈরশাসক। মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বিশ্ব জানছে। স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয়।”

এর আগেও শেখ হাসিনা, তাঁর পুত্র এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ন’টি প্রকল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। নতুন করে আড়াই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তাঁদের বিরুদ্ধে আরও চাপ সৃষ্টি করেছে।

গত ৫ অগস্ট বাংলাদেশে গণবিক্ষোভের ফলে হাসিনার সরকারের পতন ঘটে। তিনি ঢাকা ছেড়ে ভারতে চলে আসেন, সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা। ৮ অগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত