নজরবন্দি ব্যুরোঃ অভিষেক টেস্টে ব্যাট হাতে নজর কাড়লেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চাপের মুখে ব্যাট করতে নেমে অসাধারণ ইনিংস খেললেন এই মুম্বইকর। সঙ্গী ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ফলে কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ২৫৮ রান তুলে ভাল জায়গায় ভারত। দিনের শেষে ১৩৬ বলে ৭৫ রানে অপরাজিত শ্রেয়স।
আরও পড়ুনঃ ‘ম্যাচ জেতা সহজ হবে না বাগানের’, জানালেন সন্দীপ নন্দী


মারলেন ৭টি চার ও ২টি ছয়। জাদেজা ১০০ বলে ৫০ রানে ক্রিজে রয়েছেন। মেরেছেন ৬টি চার। অপরদিকে কানপুরে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রাহানে। আর ব্যাট করতে নেমে প্রথম সেশনে ভারতকে বেশ চাপে রেখেছিলেন কিউয়ি বোলার কাইল জেমিসন। ২৮ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন মায়াঙ্ক। জেমিসনই কিউয়িদের এনে দেন প্রথম সাফল্য।

তিন নম্বরে নামেন চেতেশ্বর পূজারা। লাঞ্চ বিরতি অবধি দলকে টেনে নিয়ে যান গিল-পূজারা জুটি। কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে হাফসেঞ্চুরিও পূর্ণ করে ফেলেন পঞ্জাব তনয় শুভমন গিল। তবে দ্বিতীয় সেশন শুরু হতেই ফের ভারতকে ধাক্কা দেন জেমিসন। লাঞ্চ বিরতির পর খেলা শুরু হওয়ার পর প্রথম ওভারের শেষ বলেই গিলকে বোল্ড করেন জেমিসন।
৮২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া। পূজারা-গিল জুটিতে ৬১ রান যোগ করে ভারতের স্কোরবোর্ডে। তবে গিল ফেরার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি পূজারাও। ৮৮ বল খেলে ২৬ রান করেন পূজারা। টিম সাউদি ফেরান পূজ্জিকে। এর পর ক্যাপ্টেন রাহানে ৬৩ বল খেলে ৬টি চার দিয়ে মোট ৩৫ রান করে সাজঘরে ফেরেন। রাহানেকে ফেরান জেমিসন।


শ্রেয়স-জাদেজার ব্যাটে ভর করে ভাল জায়গায় ভারত
উল্লেখ্য বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ছাড়াই মাঠে নামে ভারত।কানপুরে খারাপ আলোর জন্য প্রথম দিনের খেলা শেষ । দিনের শেষে ৮৪ ওভারে ৪ উইকেটে ২৫৮ রান করেছে ভারত। শ্রেয়স ৭৫ ও জাডেজা ৫০ রান করে অপরাজিত রয়েছেন।







