ভোটের আগে রাজনৈতিক উত্তেজনার আবহে নতুন করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকল। প্রার্থী ঘোষণার পরই প্রাণনাশের আশঙ্কার কথা জানালেন প্রাক্তন দুঁদে আইপিএস অফিসার ও তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। তাঁর দাবি, অতীতে যেসব ‘মার্ডার সিন্ডিকেট’ ভেঙেছিলেন, সেই চক্রের মাথারাই এখনও সক্রিয় এবং তাঁকে টার্গেট করছে। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
২০০৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার হুমায়ুন কবীর একসময় কড়া পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। ‘হাতকাটা দিলীপ’-এর মতো দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূলের বিধায়ক হন। এবার দল তাঁকে ডেবরা নয়, ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে।


ডোমকলে পৌঁছে তিনি সরাসরি জেলা পুলিশ সুপারের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছেন। তাঁর অভিযোগ, “পুলিশ সুপার থাকাকালীন একাধিক মার্ডার সিন্ডিকেট ভেঙেছি। সেই চক্রের মাথা এখনও সক্রিয় এবং আমাকে নানা ভাবে হুমকি দিচ্ছে। আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে।”
মুর্শিদাবাদ জেলার সঙ্গে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তিনি প্রায় পাঁচ বছর এই জেলায় দায়িত্ব পালন করেছেন—দু’বছর কান্দির এসডিপিও এবং প্রায় তিন বছর জেলা পুলিশ সুপার হিসেবে। ফলে ডোমকলের ভৌগোলিক ও অপরাধচক্রের গতিবিধি তাঁর নখদর্পণে।
হুমায়ুন কবীর জানিয়েছেন, “এই এলাকা আমার চেনা। কোথায় কোন সিন্ডিকেট সক্রিয়, কারা নেতৃত্ব দেয়—সবই জানি। নেতৃত্ব আমাকে পরিচিত এলাকায় দায়িত্ব দিয়েছে, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কর্মীদের বলব, মাঠে নেমে ঘাম ঝরাতে।”


উল্লেখযোগ্যভাবে, ডোমকল বরাবরই রাজনৈতিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর এলাকা। অতীতের নির্বাচনে এখান থেকে একাধিক হিংসার অভিযোগ উঠেছে। গত বিধানসভা নির্বাচনেও এই এলাকায় স্বল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছিল।
তবে হুমায়ুন কবীরের দাবি, তাঁর পুলিশ সুপার থাকাকালীন সময়ে ডোমকলে আইনশৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এবং সেই সময় মাত্র একটি খুনের ঘটনা সামনে আসে। কিন্তু এবার নির্বাচনের প্রাক্কালে পরিস্থিতি নিয়ে তিনি নিজেই উদ্বেগ প্রকাশ করায় নতুন করে প্রশ্ন উঠছে—ডোমকল কি ফের অশান্তির পথে?
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



