রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর ফের কবিতার মাধ্যমে রাজনৈতিক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে ইংরেজিতে ‘Brave’ লেখার পর এবার বাংলায় ‘দখল’ শিরোনামে নতুন কবিতা প্রকাশ করে তিনি বুলডোজার রাজনীতি, অত্যাচার এবং গ্রেপ্তার প্রসঙ্গ তুলে বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
নতুন কবিতার শুরুতেই সমাজের দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শোনা যায়। কবিতায় তিনি লিখেছেন, ‘দখল মুক্ত করতে হবে / অসহায় দুর্বল মানুষদের’, পাশাপাশি প্রশ্ন তুলেছেন— আর কত বুলডোজার, কত অত্যাচার এবং কত দানবিকতা চলবে? ক্ষমতার কাছাকাছি থাকা শক্তির ব্যবহারের দিকেও ইঙ্গিত করেছেন তিনি।
রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন দুর্নীতি-সহ একাধিক অভিযোগে তৃণমূলের বহু নেতা-নেত্রীর বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারি পদক্ষেপ শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটেই কবিতায় উঠে এসেছে গ্রেপ্তার প্রসঙ্গ। ‘শতশত গ্রেপ্তার কেন? কত পুরস্কার পাচ্ছে?’— এই লাইনের মাধ্যমে প্রশাসনিক পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
কবিতার অন্য অংশে আরও কড়া রাজনৈতিক সুর শোনা যায়। নাম না করেই বিরোধীদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘জঞ্জাল এ ঢেকেছে তোমাদের শরীর / নিজেদের মনের জঞ্জালকে / আগে দখল মুক্ত করো।’ পাশাপাশি তাঁর প্রশ্ন— নির্বাচনে জয়ের পরও যদি মানুষ আতঙ্কে থাকে, তবে সেই জয়ের অর্থ কী?
রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন সরকারের সাম্প্রতিক পদক্ষেপ এবং প্রশাসনিক অবস্থানকে লক্ষ্য করেই এই কবিতা লেখা হয়েছে। এর আগে ইংরেজিতে লেখা ‘Brave’ কবিতাতেও আত্মবিশ্বাস, সাহস এবং প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মমতা।
দীর্ঘ ১৫ বছর রাজ্যের প্রশাসনের নেতৃত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের পাশাপাশি কবিতা, গান এবং লেখালিখির জন্যও পরিচিত। পালাবদলের পরে তাঁর নতুন কবিতা ঘিরে তাই রাজনৈতিক বার্তা ও প্রতীকী প্রতিবাদের নতুন আলোচনা শুরু হয়েছে।



