‘বাড়ি ভেঙেছে, ইতিহাস মুছতে পারবে না’, দিল্লি থেকে ইউনুসকে কড়া বার্তা হাসিনার

বাংলাদেশের ইতিহাস মুছে ফেলতে ‘বিপ্লবী ছাত্র’ দল ও ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শেখ হাসিনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের ইতিহাস মুছে ফেলতে ‘বিপ্লবী ছাত্র’ দলের আক্রমণ ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র প্রতিক্রিয়া সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বুধবার রাত থেকে দেশজুড়ে শুরু হওয়া ধ্বংসযজ্ঞের মধ্যে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ভেঙে দেওয়া এবং তাঁর স্মৃতিসমূহ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এমনকি, হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে, শেখ হাসিনা বুধবার এক ভিডিও বার্তায় দিল্লি থেকে ‘বেইমান’ ইউনুসকে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর ভাষায়, “আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, পতাকা এবং সংবিধান পেয়েছি, তা একদল বুলডোজার দিয়ে ধ্বংস করা যাবে না। তারা হয়তো দালান ভাঙতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না। ইতিহাস প্রতিশোধ নেয়।” হাসিনা আরও বলেন, “যারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারা নিজেদের দুর্বলতা প্রকাশ করছে।”

হাসিনা বলেন, “ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে গ্রেপ্তার করার পরও ওই বাড়িটি তারা লুটপাট করেছিল, তবে কখনো তা আগুন দিয়ে পোড়ায়নি।” তিনি আজকের জামাত পরিচালিত ইউনুস সরকারের বিরুদ্ধে পাকিস্তানি হানাদারদের তুলনা টানেন। হাসিনা প্রশ্ন তোলেন, “ইউনুস কি তালিবানি কায়দায় শাসন প্রতিষ্ঠা করতে চান?”

প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টাকে কড়া ভাষায় নিন্দা করেন। তিনি বলেন, “বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করা হয়েছিল, কিন্তু এখন সেই বাংলাদেশকে জঙ্গি, সন্ত্রাসীদের দেশ হিসাবে পরিণত করা হচ্ছে। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়।”

তিনি ছাত্র সমাজকে এ ব্যাপারে সতর্ক করে দেন। হাসিনা জানান, “সাধারণ ছাত্রদের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই, কিন্তু তারা যেন এই ধ্বংসযজ্ঞে অংশ না নেয়। তারা যেন রাজনৈতিক উসকানি থেকে দূরে থাকে।”

হাসিনা ইউনুসের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন, ১৯৯৬ সালে গ্রামীণ ব্যাঙ্ককে ৪০০ কোটি টাকা দিয়ে দাঁড় করানো হয়েছিল, কিন্তু ইউনুস আর্থিক দুর্নীতি করেছেন এবং তাঁর ক্ষমতার লোভ দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত