এবার বিমানে পছন্দের ৬০% আসন ফ্রি! অতিরিক্ত সিট চার্জে লাগাম টানল কেন্দ্র

এয়ারলাইন্সের অতিরিক্ত সিট চার্জে লাগাম, একই পিএনআরে পাশাপাশি বসার নিশ্চয়তা—যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়াতে একাধিক বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিমানযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। এখন থেকে বিমানের অন্তত ৬০ শতাংশ আসন পছন্দ করতে আর অতিরিক্ত টাকা গুনতে হবে না—কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে টিকিট কাটার পর কিংবা ওয়েব চেক-ইনের সময় ‘সিট সিলেকশন চার্জ’ নিয়ে যে ভোগান্তি ছিল, তা অনেকটাই কমতে চলেছে।

নতুন নিয়ম অনুযায়ী, এয়ারলাইন্সগুলি আর যাত্রীদের কাছ থেকে বিমানের ৬০ শতাংশ আসনের জন্য আলাদা করে টাকা নিতে পারবে না। এতদিন যাত্রীরা নিজেদের পছন্দের জানালার ধারের বা সামনের আসন বেছে নিতে গেলে অতিরিক্ত খরচ করতে বাধ্য হতেন। এবার সেই চাপ অনেকটাই লাঘব হচ্ছে। যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র।

শুধু তাই নয়, একই পিএনআর নম্বরে বুকিং করা যাত্রীদের পাশাপাশি বসানোর বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার বা বন্ধুদের সঙ্গে যাত্রার ক্ষেত্রে আলাদা আসনে বসার সমস্যায় আর পড়তে হবে না। এতদিন পাশাপাশি বসতে গেলে অনেক সময় অতিরিক্ত টাকা দিতে হত—এবার সেই জটিলতাও দূর হচ্ছে।

এছাড়াও, যাত্রী পরিষেবাকে আরও স্বচ্ছ ও উন্নত করতে একাধিক নির্দেশ দিয়েছে মন্ত্রক। বিমানে বাদ্যযন্ত্র বা খেলাধুলার সরঞ্জাম বহনের ক্ষেত্রে স্পষ্ট নীতিমালা তৈরির কথা বলা হয়েছে। পোষ্য প্রাণী নিয়ে যাত্রার নিয়ম সম্পর্কেও বিস্তারিত তথ্য জানাতে হবে এয়ারলাইন্সগুলিকে।

বিমান দেরি বা বাতিল হলে যাত্রীদের করণীয় কী—তা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিমানবন্দরের কাউন্টারে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ ঘোষণাগুলিতে আঞ্চলিক ভাষার ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সাধারণ যাত্রীরা সহজে তথ্য বুঝতে পারেন।

ভারতে দ্রুত বাড়ছে বিমানযাত্রীর সংখ্যা। ইতিমধ্যেই যাত্রী পরিবহণের নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে দেশ। এই প্রেক্ষাপটে যাত্রীদের অধিকার ও স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়েই এই নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত