NEET কাণ্ডে দায় স্বীকার কেন্দ্রের! বদলে যাচ্ছে পুরো পরীক্ষাপদ্ধতি, অনলাইনেই হবে পরীক্ষা

NEET প্রশ্নফাঁস কাণ্ডে দায় স্বীকার করল কেন্দ্র। আগামী বছর থেকে OMR শিট তুলে দিয়ে সম্পূর্ণ অনলাইন পরীক্ষার পথে হাঁটছে সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

NEET-UG প্রশ্নফাঁস কাণ্ডে অবশেষে বড় স্বীকারোক্তি কেন্দ্র সরকারের। প্রথমবার প্রকাশ্যে দায় মেনে নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন, পরীক্ষার ‘চেইন অফ কমান্ডে’ ভাঙন ধরেছিল বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে, আগামী বছর থেকেই আমূল বদলে যাচ্ছে NEET পরীক্ষার ধরন। OMR শিট তুলে দিয়ে পুরো পরীক্ষা অনলাইনে নেওয়ার পথে হাঁটছে কেন্দ্র। প্রশ্নফাঁস কাণ্ডে তীব্র বিতর্কের মাঝেই এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহল।

শুক্রবার সাংবাদিক বৈঠকে ধর্মেন্দ্র প্রধান বলেন, “সরকার দায়িত্ব এড়াচ্ছে না। কোথাও না কোথাও নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল।” তাঁর কথায়, আগামী বছর থেকে পরীক্ষাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করতে সম্পূর্ণ কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে NEET-UG নেওয়া হবে।

- Advertisement -

সূত্রের খবর, শুধু অনলাইন পরীক্ষা নয়, গোটা পরীক্ষাপদ্ধতিতেই বড়সড় সংস্কারের পরিকল্পনা করছে কেন্দ্র। ইতিমধ্যেই একাধিক নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছে—

  • OMR শিট পুরোপুরি তুলে দেওয়া
  • ডিজিটাল এনক্রিপশনের মাধ্যমে প্রশ্নপত্র সুরক্ষা
  • আধার বা বায়োমেট্রিক যাচাইকরণ আরও কঠোর করা
  • পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলক CCTV ও লাইভ মনিটরিং
  • প্রশ্নপত্র পরিবহণের বদলে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম
  • বহু-শিফটে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা
  • NTA-র কাঠামোয় পরিবর্তন ও বিশেষজ্ঞ টিম গঠন

ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানিয়েছেন, লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে কোনও আপস করা হবে না। প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

NEET-UG ২০২৬ বাতিল হওয়ার পর বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা সচিব বিনীত যোশী, স্কুলশিক্ষা সচিব সঞ্জয় কুমার, NTA-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং এবং CBSE চেয়ারম্যান রাহুল সিং-সহ শীর্ষ আধিকারিকরা। বৈঠকে মূলত পুনরায় পরীক্ষা আয়োজন এবং ভবিষ্যতের পরীক্ষাপদ্ধতি নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ৩ মে হওয়া NEET-UG ২০২৬ পরীক্ষায় প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসতেই পরীক্ষা বাতিল করা হয়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই।

- Advertisement -

এদিকে, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই মামলায় ধৃত পাঁচ অভিযুক্তকে সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তকারীদের দাবি, সংগঠিত চক্রের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। অভিযোগ, অভিযুক্ত মাঙ্গিলাল বিওয়াল নিজের ছেলের জন্য প্রশ্নপত্র জোগাড় করতে গিয়ে পরে তা মোটা টাকার বিনিময়ে অন্য পরীক্ষার্থীদের কাছেও বিক্রি করেন। তদন্তে আরও জানা গিয়েছে, কয়েকজন অভিযুক্ত মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলারও চেষ্টা করেছে।

সব মিলিয়ে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে এবার বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর