জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের মেগা সমাবেশের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় রাজধানীর ঐতিহ্যবাহী এই প্রতিবাদস্থল। এবার সেখানে সভা, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে একগুচ্ছ নতুন বিধিনিষেধ চালুর প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ। তৈরি করা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি। যদিও সেই নির্দেশিকা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক পর্যায়ে থাকা খসড়াটি অনুমোদনের জন্য দিল্লি পুলিশের সদর দফতরে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত নির্দেশিকা অনুযায়ী, রামলীলা ময়দানে সর্বাধিক ৫০ হাজার মানুষ জমায়েত করতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যেই শেষ করতে হবে সমস্ত কর্মসূচি। শুধু তাই নয়, কোনও সভা বা বিক্ষোভের আয়োজন করতে হলে অন্তত ১০ দিন আগে পুলিশের কাছে অনুমতির আবেদন জানাতে হবে। যান নিয়ন্ত্রণ থেকে পার্কিং—একাধিক বিষয়েও আয়োজকদের জন্য নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়ার প্রস্তাব রয়েছে।
রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০ হাজার জমায়েত, কী কী নিয়মের প্রস্তাব?
দিল্লি পুলিশের প্রস্তাবিত এসওপি-তে রামলীলা ময়দানে জমায়েতের সর্বোচ্চ সীমা ৫০ হাজার নির্ধারণের কথা বলা হয়েছে। তবে মাঠের ধারণক্ষমতা ৫০ হাজার হলেও প্রতিটি কর্মসূচির ক্ষেত্রে জমায়েতের অনুমোদিত সংখ্যা পরিস্থিতি ও আয়োজনের ধরন অনুযায়ী ঠিক করা হবে।
নির্দেশিকার খসড়া অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি চালানো যাবে। অর্থাৎ, নির্দিষ্ট সাত ঘণ্টার মধ্যেই সভা, মিছিল বা বিক্ষোভ শেষ করতে হবে। কোনও কর্মসূচির অনুমতি পেতে হলে অন্তত ১০ দিন আগে আবেদন জানানো বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
যান চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আয়োজকদের। এ বিষয়ে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পনা করতে হবে। কোনওভাবেই রাস্তা, ফুটপাত কিংবা জরুরি পরিষেবার পথ আটকে রাখা যাবে না। পাশাপাশি মিছিল বা সমাবেশে অস্ত্রশস্ত্র কিংবা দাহ্য পদার্থ নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই এসওপি এখনও চূড়ান্ত নির্দেশিকা নয়। দিল্লি পুলিশের সদর দফতরের অনুমোদন পাওয়ার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
এর আগে যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে ব্যবহারের স্বীকৃতি বাতিল করে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পর প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির জন্য তিনটি বিকল্প জায়গা চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।
এই তিনটি জায়গার মধ্যে সবচেয়ে পরিচিত এবং রাজধানীর কেন্দ্রের সবচেয়ে কাছাকাছি রামলীলা ময়দান। যন্তর মন্তর থেকে এই ময়দানের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। ফলে প্রতিবাদ কর্মসূচির জন্য এই জায়গাটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক সভা, সমাবেশ ও বিভিন্ন আন্দোলনের সাক্ষী থেকেছে রামলীলা ময়দান। এবার সেখানে কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হলে রাজনৈতিক দল ও আন্দোলনকারীদের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।
রামলীলা ময়দানে সভা বা সমাবেশ আয়োজন করতে হলে নির্দিষ্ট ভাড়া দিতে হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ১২ একর আয়তনের এই ময়দানে সর্বাধিক ৫০ হাজার মানুষের জমায়েতের ব্যবস্থা করা সম্ভব। মাঠের দৈনিক ভাড়া ৫০ হাজার টাকা।
এর সঙ্গে নিরাপত্তা জামানত ও কর যুক্ত হলে মোট খরচ দাঁড়ায় প্রায় ১ লক্ষ ২১ হাজার টাকা। এর মধ্যে ৫৫ হাজার টাকা ফেরতযোগ্য জামানত। বাকি প্রায় ৬৬ হাজার টাকা ফেরত পাওয়া যায় না।
নিয়ম অনুযায়ী, রামলীলা ময়দান ব্যবহারের জন্য দিল্লি পুরসভার উদ্যানপালন বিভাগের অনুমতি নিতে হয়। পাশাপাশি দিল্লি পুলিশের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সংগ্রহ করাও বাধ্যতামূলক।
সব মিলিয়ে, প্রস্তাবিত এসওপি কার্যকর হলে রামলীলা ময়দানে রাজনৈতিক সভা ও বিক্ষোভ আয়োজনের ক্ষেত্রে সময়, জমায়েতের সংখ্যা এবং নিরাপত্তা—তিনটি বিষয়েই আরও কড়াকড়ি হতে পারে। তবে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিয়মগুলিকে প্রস্তাবিত বিধিনিষেধ হিসেবেই দেখতে হবে।



