‘ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না’, অরাজকতা করলে জেলে যেতে হবে! কড়া হুঁশিয়ারি শমীকের

বাগুইআটির বিজয়া সম্মিলনী থেকে দলের কর্মীদের সংযত থাকার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, দলের ভদ্রতাকে দুর্বলতা ভাবলে বা অরাজকতা করলে কঠোর পদক্ষেপ করা হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিহিংসার রাজনীতির বিরোধিতার কথা বারবার বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বিরোধী দলের পার্টি অফিসে ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে দলের কর্মীদের একাংশের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করেছে বিজেপি নেতৃত্ব। এমনকী, কয়েকটি ঘটনায় অভিযুক্ত কর্মীদের সাসপেন্ড করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় শমীক ভট্টাচার্যকে গৌতম বুদ্ধের সঙ্গে তুলনা করে মিম ছড়িয়ে পড়ে। শুক্রবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি।

বাগুইআটিতে দলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কর্মীদের সংযত থাকার কারণ ব্যাখ্যা করার পাশাপাশি কড়া বার্তাও দিলেন তিনি। শমীকের স্পষ্ট বক্তব্য, দলের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা বলে মনে না করেন। একই সঙ্গে বিজেপির নাম ব্যবহার করে অরাজকতা বা অত্যাচারের ঘটনা ঘটালে তাঁদের বিরুদ্ধে দল ও প্রশাসন কঠোর পদক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

- Advertisement -

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে শমীক ভট্টাচার্য বলেন, “লুঠেরাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোট দিয়েছেন। যেদিন আমরা নির্বাচনে জিতি, সেদিন সকালে প্রধানমন্ত্রী আমাকে ফোন করে পরিষ্কার বলেছিলেন, প্রতিহিংসার রাজনীতি, বিভাজনের রাজনীতি চলবে না।”

এরপরই তিনি দাবি করেন, বিজেপি কোনও প্রতিহিংসার রাজনীতি করেনি। কর্মীদের বারবার সংযত থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানান রাজ্য সভাপতি। তাঁর কথায়, “আমি বারবার সকলকে সংযত করার চেষ্টা করেছি। প্রতিদানে সোশাল মিডিয়ায় আমাকে গৌতম বুদ্ধ বানিয়ে দেওয়া হয়েছে। আমরা যুদ্ধ নয়, বুদ্ধের বাণীই প্রচার করছি।”

তবে সংযত থাকার অর্থ অন্যায়ের সামনে চুপ করে থাকা নয়, সেই বার্তাও দিয়েছেন শমীক। তিনি বলেন, “কিন্তু এর অর্থ এই নয় যে সিংহ স্থবির বলে কেউ কাউকে পদাঘাত করবে, আমাদের ভদ্রতাকে আমাদের দুর্বলতা মনে করবে, এটা হতে দেওয়া উচিত নয়। যে যেখানে, যে ভাবে অত্যাচারিত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ান।”

শুধু প্রতিহিংসার রাজনীতি নয়, দলের ভিতরে শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও এদিন সরব হয়েছেন শমীক ভট্টাচার্য। বিজেপির নাম ব্যবহার করে কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে বিষয়ে কর্মীদের সতর্ক করেছেন তিনি। বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে তাঁর বক্তব্য, দলকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না।

- Advertisement -

শমীকের কথায়, “পার্টিকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য করবেন না। এই অরাজকতা চলতে দেওয়া যাবে না। চিহ্নিত করুন। যাঁরা পার্টির পতাকাকে, পার্টির রংকে কলঙ্কিত করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন। আমাকে কাগজ দেবেন, আমি তাঁদের ঢুকিয়ে দেব।”

অর্থাৎ, বিজেপির পরিচয় ব্যবহার করে কোনও ব্যক্তি বা গোষ্ঠী যদি আইনবিরুদ্ধ কাজ করেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পক্ষেই সওয়াল করেছেন রাজ্য সভাপতি।

এদিনের বক্তব্যে বিশেষভাবে ‘হঠাৎ করে বিজেপি হওয়া’ ব্যক্তিদেরও নিশানা করেন শমীক। তাঁর অভিযোগ, কিছু মানুষ বাইরে গেরুয়া তিলক লাগিয়ে ঘুরছেন। তাঁদের চিহ্নিত করার দায়িত্ব কর্মীদের উপরই দিয়েছেন তিনি।

শমীকের হুঁশিয়ারি, “কিছু জন বাইরে গেরুয়া তিলক লাগিয়ে ঘুরছে। আপনাদের দায়িত্ব, সেই গেরুয়া তিলক মুছে দেওয়া। আর আমাদের দলের যাঁরা ওদের সঙ্গে নিয়ে ঘুরছেন, তাঁদের বলতে চাই জেলের দরজা খোলা আছে।”

রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির সামনে এখন বড় চ্যালেঞ্জ দলের কর্মীদের নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা। শমীক ভট্টাচার্যের শুক্রবারের বক্তব্যে সেই বার্তাই আরও একবার স্পষ্ট হল। একদিকে প্রতিহিংসার রাজনীতি না করার অবস্থান, অন্যদিকে দলের নাম করে অরাজকতা বরদাস্ত না করার হুঁশিয়ারি—দুই সুরই শোনা গেল তাঁর বক্তব্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর