‘টলিউডের কঙ্গনা রানাওয়াত!’ জীতুকে তোপ সায়নীর, পালটা ‘পাল্টিবাজ’ খোঁচা অভিনেতার

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য সংঘাতে জড়ালেন জীতু কমল ও সায়নী ঘোষ। ‘সুবিধাবাদী’ থেকে ‘টলিউডের কঙ্গনা’— বিস্ফোরক মন্তব্যে সরগরম টলিপাড়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার টলিউডে প্রকাশ্যে ফাটল! সোশ্যাল মিডিয়ায় তীব্র বাকযুদ্ধে জড়ালেন অভিনেতা জীতু কামাল এবং অভিনেত্রী-সাংসদ সায়নী ঘোষ। একসময় ‘অপরাজিত’ ছবির সহ-অভিনেতা ও ঘনিষ্ঠ বন্ধু হলেও এখন তাঁদের সম্পর্ক পৌঁছেছে প্রকাশ্য কাদা ছোড়াছুড়ির পর্যায়ে। সায়নীর অভিযোগ, জীতু ‘সুবিধাবাদী’ এবং আচরণে অহংকারী। পালটা অভিনেতার কটাক্ষ— “পাল্টিবাজ”।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির আবহে গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় মতাদর্শ, আনুগত্য ও রাজনৈতিক অবস্থান ঘিরে তীব্র বিতর্ক চলছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ‘পাল্টিবাজ’, ‘পরজীবী’, ‘সুবিধেবাদী’—এই শব্দগুলো এখন কার্যত সোশ্যাল মিডিয়ার রাজনৈতিক অভিধানের অংশ হয়ে উঠেছে।

এই আবহেই শুক্রবার রাতে আচমকা জীতু কমলকে নিশানা করেন সায়নী ঘোষ। তাঁর দাবি, বিরাটির একটি ঘটনার সময় বছর দুয়েক আগে জীতু এবং তাঁর প্রাক্তন স্ত্রী সমস্যায় পড়ে থানায় ফোন করেছিলেন তাঁকে। তখন তিনি সাংসদও ছিলেন না। সায়নীর অভিযোগ, থানায় গিয়ে অভিনেতা পুলিশকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন এবং নিজের তারকাখ্যাতি দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন।

‘টলিউডের কঙ্গনা রানাওয়াত!’ জীতুকে তোপ সায়নীর, পালটা ‘পাল্টিবাজ’ খোঁচা অভিনেতার
‘টলিউডের কঙ্গনা রানাওয়াত!’ জীতুকে তোপ সায়নীর, পালটা ‘পাল্টিবাজ’ খোঁচা অভিনেতার

সায়নী লেখেন, “আপনার প্রথম প্রশ্ন ছিল, আপনার মতো বড় সেলিব্রিটিকে কেন এতক্ষণ বসিয়ে রাখা হয়েছে। আপনি পুলিশদের সঙ্গে ‘তোমরা জানো আমি কে?’ ধরনের ব্যবহার করছিলেন। অথচ আপনার স্ত্রী তখন উদ্বেগে ছিলেন। আমি তখন ওসির সঙ্গে কথা বলে আপনাদের সাহায্যের ব্যবস্থা করেছিলাম।”

এখানেই থামেননি যাদবপুরের সাংসদ। তাঁর আরও অভিযোগ, সাফল্যের পর আচরণ বদলে গিয়েছে জীতুর। সহকর্মী, প্রযোজক, পরিচালক থেকে শুরু করে টেকনিশিয়ানদের সঙ্গে অভিনেতার ব্যবহারের সমালোচনাও তিনি টেনে আনেন। সায়নীর কথায়, “আপনি আদতে একজন সুবিধাবাদী। যারা পাশে থেকেছে, সুযোগ দিয়েছে, তাঁদেরই পরে দূরে সরিয়ে দিয়েছেন।”

সবশেষে কড়া কটাক্ষ ছুড়ে তিনি জীতুকে ‘টলিউডের কঙ্গনা রানাওয়াত’ বলে উল্লেখ করেন। তাঁর মন্তব্য, “ক্যামেরা দেখলেই উল্টোপাল্টা বলতে বলতে কখন টলিউডের কঙ্গনা রানাওয়াত হয়ে যাবেন, বুঝতেই পারবেন না। যদিও কঙ্গনার অভিনয় দক্ষতা অসাধারণ। কিন্তু এবার নিজেকে সত্যজিৎ রায় ভাবা বন্ধ করুন।”

এই বিস্ফোরক পোস্টের পর পালটা প্রতিক্রিয়াও দিয়েছেন জীতু কমল। যদিও বিস্তারিত প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি, তবে ঘনিষ্ঠ মহলে অভিনেতার কটাক্ষ— “পাল্টিবাজদের কথায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই।”

রাজনৈতিক পালাবদলের পর টলিউডে যে বিভাজন আরও স্পষ্ট হচ্ছে, এই ঘটনা যেন সেই ইঙ্গিতই আরও জোরালো করল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত