নজরবন্দি ব্যুরোঃ গত বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকেও স্বাস্থ্যসাথী নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর দায়ের হবে থানায়। বাতিল হবে হাসপাতালের লাইসেন্সও।


তাঁর কথায়, কোনও হাসপাতাল কার্ড গ্রহণ করতে অস্বীকার করতে চাইলে থানায় গিয়ে যেন অভিযোগ দায়ের করা হয়। সংশ্লিষ্ট পুলিশ অফিসার স্বাস্থ্য দফতরকে জানানোর পরেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে তিনি নিজে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আইনি পথে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। তাঁরা সরকারকে পরামর্শ নেবে। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না হলে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


অন্যান্য রাজ্যের চেয়ে বাংলার স্বাস্থ্য পরিষেবা অনেক ভালো। তাই বাংলার মানূষ যাতে এখানেই চিকিৎসা করেন সেটাই চান তিনি। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে স্বাস্থ্য সাথী কার্ডের অর্থ বাংলাতেই খরচ করার ব্যাপারে নিয়ম জারি করা হবে। বাংলার বাইরে স্বাস্থ্য সার্থী কার্ড ব্যবহার করে চিকিৎসার সুবিধা নিতে হলে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া রাজ্যের বাইরে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করা চলবে না।
স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর দায়ের হবে থানায়, এরপরেই কড়া পদক্ষেপ

এমনিতেই বাংলার স্বাথ্যসাথী কার্ডে চিকিৎসা করতে রাজি নয় বহু বেসরকারি হাসপাতাল। হাসপাতালগুলির তরফে জানানো হয়েছে, এত কম খরচে তাঁরা চিকিৎসা করতে নারাজ। কিন্তু রাজ্যের বাইরে গেলে চিকিৎসায় অসুবিধা হবে। তাই কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।







