আরজি কর-কাণ্ড নিয়ে এবার বেলাগাম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ আঙুল তুললে সেই আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী। তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় আরজি কর নিয়ে মন্তব্য করায় তাঁকে লাল বাজারে তলব করেছে পুলিশ। এই আবহে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর ফের উস্কানি মূলক মন্তব্য নতুন কোন সমস্যার সৃষ্টি করতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরজি কর কাণ্ডে তদন্তের ভার সিবিআইয়ের হাতেও গেলেও এখনও তেমন কিছুই উন্নতি হয়নি তদন্তে। তদন্ত যতই এগোচ্ছে আরজি কর কাণ্ডে ততই বাড়ছে জট। এই আবহে একটি পথসভায় মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন,”যাঁরা মমতার দিকে আঙুল তুলে পদত্যাগ চাইছেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাজ মাধ্যমে গালাগালি করছেন, সেই আঙুল গুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। না হলে এরা বাংলাকে নতুন করে বাংলাদেশ করার চেষ্টা করবে। কিন্তু ওরা জানে না, হাসিনা যে ভুল করেছে মমতা সেই ভুল করবে না।”
এছাড়াও তিনি আরজি কর-কাণ্ডে ১৪ই আগস্ট রাত দখল অভিযানে আরজি করের ভাঙচুর কাণ্ড নিয়ে তিনি বলেন,”ওই দিন রাতে আরজি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি। পুলিশ ও সরকার এখানে বাংলাদেশ করতে দেবেনা।” প্রসঙ্গত,আরজি কর-কাণ্ড নিয়ে সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করা নিয়ে করা নির্দেশিকা জারি করা হয়েছিল লালবাজারের তরফে। এমনকি এই বেফাঁস মন্তব্য নিয়ে একাধিক ব্যাক্তিকে তলব করা হয়েছে লালবাজারে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান তুলেছে বাম বিজেপি। তবে এর মধ্যেই উদয়ন গুহর বেফাঁস মন্তব্যে ফের নতুন করে শুরু বিতর্কের ঝড়।



