চূড়ান্ত তালিকা প্রকাশে আরও ১০ দিন দেরির পথে!

শুনানি শেষ না হওয়ায় ফের পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তথ্যগত অসঙ্গতি ও আনম্যাপড ভোটারের বিপুল সংখ্যাই সিদ্ধান্তের মূল কারণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে ভোটার তালিকাই সবচেয়ে সংবেদনশীল বিষয়। সেই তালিকা নিয়েই ফের অনিশ্চয়তা। একবার তারিখ পিছোনোর পর, এ বার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আরও অন্তত ১০ দিন পিছিয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিলছে। শুনানি প্রক্রিয়া শেষ না হওয়াতেই এমন সিদ্ধান্তের পথে হাঁটছে নির্বাচন কমিশন—এমনটাই সূত্রের খবর।

প্রথমে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য থাকলেও পরে তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়। কিন্তু কমিশন সূত্রে খবর, সেই সময়সীমার মধ্যেও সমস্ত শুনানি শেষ করা সম্ভব হচ্ছে না। ফলে ১৪ ফেব্রুয়ারির বদলে তারিখ আরও পিছোনোর সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে রাতেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে খবর।

কমিশনের অন্দরের মূল্যায়ন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত আপত্তি ও শুনানি নিষ্পত্তি করা কার্যত অসম্ভব। বিশেষ করে তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপড ভোটারদের সংখ্যা অত্যন্ত বেশি হওয়ায় প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে।

শনিবার নির্বাচন কমিশন তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপড ভোটারদের পৃথক তালিকা প্রকাশ করতে চলেছে। আদালতের নির্দেশ মেনেই এই তালিকা প্রকাশ করা হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলায় আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন। পাশাপাশি তথ্যগত অসঙ্গতি রয়েছে প্রায় ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটারের ক্ষেত্রে।

এই তালিকা পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙানো হবে। তালিকায় নাম থাকা কোনও ব্যক্তি যদি আপত্তি জানাতে চান, তা হলে তালিকা প্রকাশের পরবর্তী ১০ দিনের মধ্যে তিনি নিজে অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আপত্তি জানাতে পারবেন।

ওয়াকিবহাল মহলের মতে, ২৪ তারিখ তালিকা প্রকাশের পর আপত্তি গ্রহণ ও শুনানির প্রক্রিয়াই শেষ করতে উল্লেখযোগ্য সময় লাগবে। সেই কারণেই ৭ ফেব্রুয়ারির সময়সীমা তো বটেই, ১৪ ফেব্রুয়ারির মধ্যেও গোটা প্রক্রিয়া শেষ হওয়া কঠিন। ফলত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোনো কার্যত অনিবার্য হয়ে উঠেছে।

সব মিলিয়ে ভোটের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপে দাঁড়িয়ে আবারও সময়সীমা বাড়াতে হচ্ছে কমিশনকে—যার সরাসরি প্রভাব পড়তে পারে নির্বাচনী ক্যালেন্ডার ও রাজনৈতিক সমীকরণে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত