ভোটের লাইনে আর অপেক্ষা নয়! দৃষ্টিহীন ভোটারদের জন্য বিশেষ অগ্রাধিকার, কড়া নির্দেশ কমিশনের

বিধানসভা ভোটে দৃষ্টিহীন ভোটারদের জন্য বিশেষ সুবিধা, লাইনে অপেক্ষা নয়—অগ্রাধিকার ভিত্তিতে ভোট, ব্রেল ইভিএম ও সহকারী নিয়ে ভোটদানের সুযোগ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গণতন্ত্রের উৎসবে এবার আরও একধাপ অন্তর্ভুক্তির বার্তা। বিধানসভা ভোটে দৃষ্টিহীন ভোটারদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে কড়া নির্দেশ জারি করল Election Commission of India। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা নয়—বুথে এলে অগ্রাধিকার ভিত্তিতে আগে ভোট দেওয়ার সুযোগ পাবেন দৃষ্টিহীনরা। লক্ষ্য একটাই—প্রতিটি ভোট যেন সমানভাবে মূল্য পায়, কোনও প্রতিবন্ধকতা যেন ভোটাধিকারে বাধা না হয়।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, যদি কোনও বুথে ভিড় বেশি থাকে, তবে দৃষ্টিহীন ভোটারদের আগে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। যাতে তাঁদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয়, সেই দিকেই জোর দেওয়া হয়েছে।

প্রযুক্তির ব্যবহারেও এসেছে বড় পরিবর্তন। রাজ্যে ব্যবহৃত ইভিএমে প্রার্থীদের নাম ও প্রতীকের পাশে ব্রেল লিপিতে বিশেষ চিহ্ন রাখা থাকবে। স্পর্শ করেই দৃষ্টিহীন ভোটাররা বুঝতে পারবেন কোন বোতাম কোন প্রার্থীর। ফলে নিজেরাই স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।

তবে যাঁরা ব্রেল জানেন না, তাঁদের জন্যও রয়েছে স্পষ্ট নিয়ম। Representation of the People Act, 1950-এর ১৪এমএ ধারায় বলা হয়েছে, দৃষ্টিহীন ভোটার চাইলে একজন সহকারীকে সঙ্গে নিয়ে বুথে ঢুকতে পারবেন। সেই সহকারী তাঁর নির্দেশ অনুযায়ী ভোট দেবেন।

এই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের কাছে নির্দিষ্ট আবেদন করতে হয়। এরপর একটি ফর্ম পূরণ করা হয়, যেখানে ভোটার ও সহকারীর বিস্তারিত তথ্য নথিভুক্ত থাকে। সহকারী, প্রিসাইডিং অফিসার, বুথ কর্মী এবং উপস্থিত পোলিং এজেন্টদের সাক্ষরের পরই সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে তা নির্বাচন কমিশনের নির্ধারিত নথিতে লিপিবদ্ধ করা হয়।

নির্বাচন কমিশনের মতে, এবার রাজ্যে দীর্ঘ ২৩ বছর পর এসআইআর (Summary Intensive Revision) হওয়ায় দৃষ্টিহীন ভোটারের সংখ্যাও বাড়তে পারে। তাই আগেভাগেই এই বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর