ভোটারদের জন্য আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল ভোটগ্রহণ নিশ্চিত করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ ঘোষণা করল Election Commission of India। বুথের বাইরে প্রার্থীর তালিকা থেকে শুরু করে মোবাইল ফোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ভোটের দিনকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করতে চাইছে কমিশন।
সবচেয়ে বড় পরিবর্তন, ভোটকেন্দ্রের বাইরে চার ধরনের তথ্যসমৃদ্ধ পোস্টার টাঙানো হবে। সেখানে প্রার্থীদের নাম, বুথ সংক্রান্ত তথ্য, ভোট দেওয়ার নিয়ম-কানুন এবং কোন কোন নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে—সবকিছু স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ভোটারদের সুবিধার জন্য পোস্টারগুলি এমনভাবে সাজানো হবে যাতে সহজেই বোঝা যায়।
এছাড়াও প্রতিটি বুথের কাছে তৈরি করা হবে ভোটার সহায়তা কেন্দ্র। সেখানে বুথ লেভেল অফিসার (বিএলও)-রা উপস্থিত থাকবেন। ভোটারদের সঠিক বুথ খুঁজে দেওয়া, সিরিয়াল নম্বর অনুযায়ী কক্ষ নির্দেশ করা—এই সমস্ত দায়িত্ব তাঁদের উপরই থাকবে।
তবে সবচেয়ে কড়া নিয়ম মোবাইল ফোন নিয়ে। কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনও মোবাইল ফোন সক্রিয় রাখা যাবে না। ফোন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে বা বুথের বাইরে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। ভোট দিয়ে বেরোনোর পরই তা ফেরত নেওয়া যাবে।
রবিবার জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে, শুধু পশ্চিমবঙ্গ নয়—অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরী মিলিয়ে মোট ২ লক্ষ ১৮ হাজার ৮০৭টি বুথে এই নিয়ম কার্যকর হবে। প্রতিটি বুথে ন্যূনতম পরিষেবা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এই পরিষেবার মধ্যে রয়েছে—পানীয় জল, শৌচাগার, পর্যাপ্ত আলো, লাইনে দাঁড়ানোর জন্য ছায়াযুক্ত জায়গা, প্রতিবন্ধী ভোটারদের জন্য র্যাম্প এবং স্পষ্ট চিহ্নিতকরণ। ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজ করার লক্ষ্যেই এই উদ্যোগ।
কমিশনের বক্তব্য, ভোটারদের সচেতন করা এবং ভোটদানের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা—এই দুই উদ্দেশ্যেই এই নতুন ব্যবস্থা। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেও এই নিয়মগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা করা হবে ৪ মে।



