নজরবন্দি ব্যুরো: বহু স্মৃতি উস্কে ফের কলকাতার পথে ফিরতে চলেছে দোতলা বাস। সরকারি ভাবে ২০০৫ সাল থেকে দোতলা বাস তুলে দেওয়া হয়েছিল। সেই হিসেবে দেড় দশক বছর পরে ফের শহরের রাস্তায় দোতলা বাস দেখা যাবে। তবে জনপরিবহণের জন্য নয়, দোতলা বাস ফিরছে পর্যটনের আকর্ষণ হিসেবে। এবং সম্পূর্ণ নতুন চেহারায়।
আরও পড়ুন: কাজ হবে রেললাইনে, তাই আজ ও রবিবার বন্ধ থাকবে শিয়ালদহ-নৈহাটি শাখার বেশ কিছু লোকাল


নীল সাদা রঙের হবে এই দোতলা বাস। সেগুলিকেই নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সেই বাসগুলিতে বাংলার বিভিন্ন দ্রষ্টব্যস্থান যেমন জলদাপাড়া, দার্জিলিং, দীঘা, শান্তিনিকেতন, কলকাতার দুর্গাপুজোর ছবি দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। পুরোদস্তুর অত্যাধুনিক বাসগুলিতে থাকছে সিসিটিভি, প্যানিক বাটন, অটোম্যাটিক দরজা, ডেস্টিনেশন বোর্ড। পুরোনো দোতলা বাসে দু’টি দরজা থাকত- একটি নীচের এবং একটি উপরে ওঠার। এই বাসে একটিই দরজা থাকবে। বাসের ভিতরে থাকছে ছাদে ওঠার সিঁড়ি। মোট আসন ৫১টি, এর মধ্যে দোতলায় ১৭টি।

২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বাসের সূচণা করেছিলেন। ঠিক ছিল নিউ টাউনে এই ধরনের বাস চালানো হবে। কিন্তু পরে তা বিশেষ ফলপ্রসূ হয়নি। এবার পুজোর আগে ফের কলকাতার রাস্তায় দেখা যাবে এই ডবল ডেকার বাস। এবার পুজোর আগেই সেই সুযোগ মিলতে পারে কলকাতা মহানগরীতে।তবে এই বাসের ছাদগুলি খোলা থাকবে। এই বাসে চেপেই ২২ -২৫জন কলকাতা দেখার সুযোগ পাবেন। বাবুঘাট, ইকো পার্ক, মাদার ওয়াক্স মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট সহ কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থানে যাবে এই দোতলা বাস।
দুর্গাপুজোয় মহানগরে চলবে দোতলা বাস, থাকছে বিভিন্ন রাইড



উল্লেখ্য, কলকাতায় প্রথম দোতলা বাস নামে ১৯২৬ সালে। চলে কালীঘাট থেকে শ্যামবাজার। খুব দ্রুত তা জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে দোতলা শহরের পরিবহণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। জড়িয়ে যায় কলকাতার ঐতিহ্যের সঙ্গে। হয়ে ওঠে শহরের অন্যতম পরিচয়ও।







